• সোমবার কালবৈশাখী ও তুমুল বৃষ্টির পূর্বাভাস, গণনার সময় কোন জেলায় কেমন দুর্যোগ?
    আজ তক | ০৩ মে ২০২৬
  • রাত পোহালেই বাংলা বিধানসভা ভোটের ফল গণনা। তার আগে আজ থেকেই ঝড়-বৃষ্টি বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার ভোটগণনার দিন ঝড়বৃষ্টিও বাড়তে পারে। কোথায় কোথায় জারি হল সতর্কতা? জানুন ২৩ জোলার আবহাওয়ার আপডেট।

    আবহাওয়া দফতর যা জানাচ্ছে

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রবিবার ও আগামিকাল সোমবার— দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ সতর্কতা রয়েছে মালদা জেলার জন্য। আজ রবিবার বিকেলের পর থেকেই শুরু হবে আবহাওয়ার ভোলবদল।কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টির তান্ডব। কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের পরিস্থিতি

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার, অর্থাৎ ভোটগণনার দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির দাপট জারি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের ওপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। রবিবার ও সোমবার এই দুদিন কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

    উত্তরবঙ্গেও বৃষ্টি

    উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের খবর দিয়েছে আবহাওয়া দফতর। আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলোতেও আজ দিনভর ঝড়-বৃষ্টির দাপট চলার কথা জানানো হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার দিন সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

    কলকাতার আবহাওয়া

    রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও মেঘ আবার কখনও চড়া রোদ। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।

    মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

    ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বা দক্ষিণের কোথাও আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। সেইসঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ৫ মে পর্যন্ত নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস বলছে, সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় বইতে পারে।
  • Link to this news (আজ তক)