'BJP-র বড় নেতার বাড়ির বাইরে গুলি চালিয়েছে তৃণমূল', ভিডিও পোস্ট করে দাবি অর্জুনের
আজ তক | ০৩ মে ২০২৬
সোমবার রাজ্যে বিধানসভা ভোটের গণনা। আর তার আগেই নোয়াপাড়ায় উত্তেজনা। শনিবার গভীর রাতে নোয়াপাড়ার গারুলিয়া এলাকায় বিজেপির দাপুটে নেতা কুন্দন সিং-এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কুন্দন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদে রয়েছেন।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, দু’জন দুষ্কৃতী বাইকে চড়ে এসে গুলি চালায় কুন্দন সিংয়ের বাড়ির সামনে। এই নিয়ে ভিডিও পোস্ট করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সিসিটিভি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা করেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী।
ইতিমধ্যে এই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। স্থানীয় সূত্রে খবর, শনিবার যখন ঘড়ির কাঁটা মাঝরাত ছুঁইছুঁই, তখন একটি স্কুটিতে চড়ে দুই যুবক গারুলিয়ায় কুন্দন সিংয়ের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্কুটির পিছনে বসে থাকা এক যুবক অতর্কিতে কোমর থেকে বন্দুক বের করে কুন্দনের বসতবাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। এরপর কাজ হাসিল করেই দ্রুত গতিতে স্কুটি ছুটিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। বিজেপির দাবি, অভিযুক্তদের নাম আকাশ চৌধুরী ও আমন। পরিকল্পিতভাবেই বিজেপি নেতাকে ভয় দেখাতে বা প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কুন্দন সিং ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিজেপি নেতার বাড়ির সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। তবে এই হামলার নেপথ্যে পুরনো কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে, নাকি গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াতেই এই কাণ্ড - তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা কুন্দন সিং সংবাদমাধ্যমকে বলেন,'কেন আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জানি না। যাঁরা এসেছিল তাঁগের মধ্যে দুজনকে আইডেন্টিফাই করে এফআইআর করেছি। একজন আকাশ চৌধুরী গোলু, অন্যজন আমন চৌধুরী। এরা সব তৃণমূল করে।'