• এবার বিধাননগর কলেজের স্ট্রংরুমের বাইরে BJP-TMC সংঘর্ষ, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
    আজ তক | ০৩ মে ২০২৬
  • একদিন পরেই ভোটগণনা।  ফের স্ট্রংরুম ঘিরে সংঘাত। এবার বিধাননগর  কলেজের স্ট্রংরুম ঘিরে বিজেপি ও তৃণমূলের সংঘাতে পরিস্থিতি হয়ে উঠল উত্তপ্ত। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। প্রথমে দু-পক্ষের মধ্যে স্লোগানিং থেকে শুরু করে পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। ঘটনা সামলাতে রাতেই এলাকায় হাজির হয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও।

    কী নিয়ে অশান্তি?

    জানা গিয়েছে স্ট্রং রুমের বাইরে ক্যাম্প অফিসের তাঁবু খাটানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায়। BJP-র অভিযোগ, তৃণমূল তাঁদের তৈরি করা ক্যাম্পে ঢুকে TMC-র পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে, ঘাসফুল শিবিরের দাবি, কোনও রকম আলোচনা না করেই বিজেপি আচমকা তাঁবু তৈরি করে। এরপরেই অশান্তি বাধে।

    তবে, তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও কাঠগড়ায় তুলেছে। শাসকদলের দাবি, কেন্দ্রীয় বাহিনী বিনা প্ররোচনায় তাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এই ঘটনার পর স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

    ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই ও হাতাহাতির ঘটনা ঘটতেই আসরে নামে পুলিশও। দুই পক্ষকে আলাদা করে ব্যারিকেড দিয়ে ভাগ করে দেওয়া হয়। পাশাপাশি মাইকিং করে উভয় পক্ষকে শান্ত থাকার আবেদন জানায়। এরপরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। 

    ফলে কলকাতা ও জেলায় জেলায় এখন স্ট্রংরুমের দিকেই যাবতীয় ফোকাস। রুম পাহারা দিচ্ছে সব পক্ষের কর্মীরাই। পাশাপাশি রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীও।
  • Link to this news (আজ তক)