• বিমানের মধ্যেই বমি, আপৎকালীন দরজা খুলে লাফ যাত্রীর! তারপর…
    প্রতিদিন | ০৩ মে ২০২৬
  • চেন্নাই বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড। অবতরণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দেওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, লাফ দেওয়ার আগে তিনি বিমানের ভিতর বমি করেন বলে অভিযোগ। 

    জানা গিয়েছে, ওই যুবক শারজাহ থেকে চেন্নাইগামী এয়ার আরবের বিমানটিতে চড়েছিলেন। রবিবার সকালে উড়ানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগ, অতরণের পর বিমানটি যখন বিমানবন্দরের নির্দিষ্ট স্থানের দিকে অগ্রসর হচ্ছিল, সেই সময় ওই যুবক বিমানের ভিতর আচমকা দু’বার বমি করেন। এরপরই তিনি উড়ানের আপৎকালীন দরজা খুলে চলন্ত বিমান থেকে লাফ মারেন। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানের অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীদের খবর দেন বিমানকর্মীরা।

    চেন্নাই বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “বিমানটি মূল রানওয়ে পার করে গিয়েছিল। সেই সময় ওই যুবক লাফ মারেন। উড়ানের গতি ধীর থাকায় তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” কিন্তু কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানে থাকাকালীনই যুবক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তড়িঘড়ি তিনি বিমান থেকে বেরোনোর জন্য আপৎকালীন দরজা খুলে লাফ মারেন। জানা গিয়েছে, সিআইএসএফ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
  • Link to this news (প্রতিদিন)