• ‘সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সংকল্পের প্রতিফলন সিঁদুর’, হুঙ্কার রাজনাথের
    প্রতিদিন | ০৩ মে ২০২৬
  • সন্ত্রাসবাদ নির্মূলে নরেন্দ্র মোদি সরকারের অটল সংকল্পের প্রতিফলনই হল অপারেশন সিঁদুর। সেনাবাহিনীর অতুলনীয় বীরত্ব অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসে একটি ‘সোনালী অধ্যায়’  হিসাবে তুলে ধরেছে। শনিবার ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

    অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনাথ। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “সবার আগে দেশ, দেশের জন্য আত্মত্যাগই প্রধান। এই কথাগুলি আমরা প্রাচীনকাল থেকেই শুনে আসছি। কিন্তু সিঁদুরের  পর এই নীতিগুলিই ভারতের সামরিক ঐতিহ্য হয়ে উঠেছে।” সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, “আমাদের প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব যুদ্ধক্ষেত্রের বাইরেও বিস্তৃত। কারণ তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রথম সাড়া দেয় এবং মানবিক সহায়তা প্রদান করে।”

    উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।
  • Link to this news (প্রতিদিন)