• নির্বাচনের ফলাফলের আগে সরগরম টলিপাড়া, শুটিং চলবে, না ফ্লোরে তালা ঝুলবে ৪ মে?
    আজকাল | ০৩ মে ২০২৬
  • আগামীকাল ৪ মে, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল। রবিবার থেকেই সরগরম চারদিক। একটাই প্রশ্ন, 'কী মনে হচ্ছে?'। ভোটের দিন বন্ধ ছিল টলিপাড়ার একাধিক শুটিং। নির্বাচনের ফলাফলেও কি প্রভাব পড়বে টলিপাড়ায়? খোঁজ নিল আজকাল ডট ইন।

    'গঙ্গা', 'তারে ধরি ধরি মনে করি' ও 'লক্ষ্মী ঝাঁপি'র প্রযোজক অর্থাৎ 'ব্যানিয়ন ট্রিজ'-এর কর্ণধার শ্রীজিৎ রায় আজকাল ডট ইন-কে বলেন, "ভোটের দিন তো ছুটিই ছিল। সব জায়গায় দেখেছি খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। রেজাল্টের দিন কোনও অসুবিধা হবে না বলেই মনে হচ্ছে। যেমন শুটিং হয়, তেমনই চলবে। ফ্লোর বন্ধ রাখার কথা ভাবছি না।"

    পরিচালক কৃষ বসুর কথায়, "সবকিছু স্বাভাবিকভাবেই এগোবে। শুটিং বন্ধ রাখার কথা ভাবছি না। আমার মনে পড়ে ২০২১-এর কথা, সেই সময়ও কিন্তু শুটিং বন্ধ রাখা হয়নি। রাস্তাঘাটে যানবাহন চলাচলের একটু অসুবিধা থাকবে হয়তো‌। তবুও টালিগঞ্জের টেকনিশিয়ান অসুবিধা হওয়ার কথা নয়, এখানকার রাস্তাঘাটের অবস্থা ঠিকই থাকবে।"

    'ও মোর দরদিয়া'র নায়ক বিশ্বজিৎ ঘোষ বলেন, "আমার মনে হয় না শুটিং হবে বলে। তবে হতেও পারে। শুটিং-এর কল এলে তো আস্তে হবেই। সেক্ষেত্রে প্রযোজনা সংস্থা নিশ্চয়ই অতিরিক্ত কিছু ব্যবস্থা রাখবেন বলে মনে হচ্ছে।"

    এখনও শুটিং হবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত নন 'কনে দেখা আলো'র নায়ক সোমরাজ মাইতি। তাঁর কথায়, "এখনও ঠিক জানি না শুটিং হবে কিনা। ভোটের দিন তো বন্ধ ছিল। আজও তাড়াতাড়ি প্যাক আপের সম্ভাবনা রয়েছে। এপিসোড ব্যাঙ্কিং-এর একটা চাপ তো থাকেই। দেখা যাক, ফ্লোরে আসতে হয় কিনা।"
  • Link to this news (আজকাল)