• গণনাকেন্দ্রে থাকবে ১৬৩ ধারা, বাইরে পুলিশ পর্যবেক্ষকদের তদারকি, কী কী ব্যবস্থা কমিশনের?
    এই সময় | ০৩ মে ২০২৬
  • নির্বিঘ্নে ভোট মেটার পরে গণনা পর্বেও নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ECI) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬-এ গণনা পর্যবেক্ষকদের সহায়তা করার জন্য ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং গণনা কেন্দ্রগুলির চারপাশে নিরাপত্তা জোরদার করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করার জন্য ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। এর পাশাপাশি আরও একাধিক নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ গণনার জন্য।

    ১) গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের প্রবেশ নিষেধ। গণনাকেন্দ্রে ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা জারি থাকবে)

    ২) সকাল ৮টার সময়ে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্ট করা হবে। এর পরে ইভিএমের প্রাপ্ত ভোটগণনা শুরু হবে। যদিও কোথাও পোস্টাল ব্যালট না থাকে, সেখানে ইভিএমে প্রাপ্ত ভোটগণনা শুরু হবে।

    ৩) গণনাকেন্দ্রে প্রবেশাধিকার ECI.NET-এর মাধ্যমে গণনাকর্মী, প্রার্থী এবং তাঁদের এজেন্টদের জন্য জারি করা QR কোড-ভিত্তিক ফটো আইডির উপর ভিত্তি করে হবে।

    ৪) গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ব্যতীত অন্য কোনও ব্যক্তি গণনা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

    ৫) পুলিশ পর্যবেক্ষকরা তাদের জন্য নির্ধারিত বিধানসভা (এসি) গণনা কেন্দ্রগুলির চারপাশে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন এবং নিশ্চিত করবেন যে গণনা কেন্দ্রগুলির চারপাশের নিরাপত্তা ব্যবস্থা কমিশনের নির্দেশাবলী অনুযায়ী রয়েছে।

    ৬) পুলিশ পর্যবেক্ষকরা কোনও অবস্থাতেই কাউন্টিংয়ের দিনে গণনাকেন্দ্রে প্রবেশ করবেন না।

    রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্র থেকে এ বার ২৯৩টি কেন্দ্রের (ফলতায় পুনর্নির্বাচন) ফল নির্ধারিত হবে। এর মধ্যে ১৬৫টি বিধানসভা কেন্দ্রের গণনা পর্যবেক্ষকদের সহায়তা করার জন্য অতিরিক্ত গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যেখানে একাধিক কেন্দ্রের গণনা হবে।

  • Link to this news (এই সময়)