চলতি বছরের শেষ নাগাদ পুরোপুরি বদলে যেতে চলেছে আধার কার্ডের চেহারা। পরিচয় জালিয়াতি এবং তথ্য ফাঁস রুখতে নতুন আধার কার্ডে ব্যবহারকারীর নাম, ঠিকানা বা জন্মতারিখ থাকবে না। থাকবে শুধু সংশিষ্ট ব্যক্তির ছবি এবং একটি QR কোড। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়েছে এই খবর। এমনকী, কয়েকটি সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত খবর বেরিয়েছে। সত্যিই কি তাই? তার জন্য কী করতে হবে সাধারণ মানুষকে? আবার কি প্রমাণ দিতে হবে পরিচয়ের?
এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং ইউআইডিএআই (UIDAI) সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, আধারের চেহারা পরিবর্তনের কোনও পরিকল্পনাই সরকারের নেই। PIB এবং সরকারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেওয়া বিবৃতি ছাড়া, এই ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
একই সঙ্গে আধার কার্ড সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরকার। UIDAI তাদের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডলে জানিয়েছে, আধার কার্ডে বয়সের তারিখ উল্লেখ থাকলেও, এটি Proof of Date of Birth অর্থাৎ, জন্মতারিখের প্রামাণ্য নথি নয়। আধার আইন, ২০১৬ অনুযায়ী একে জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। তবে এই কার্ডকে সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।