• গাছে কাঁঠাল, গোঁফে তেল! ফল ঘোষণার আগেই একাধিক জায়গায় বিজয় মিছিল বিজেপির, চলল আবির খেলা
    প্রতিদিন | ০৪ মে ২০২৬
  • রাত পোহালেই ভোট (Bengal Election 2026) গণনা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন! তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। যদিও তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় মিছিল শুরু করে দিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। এমনকী ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। যা নিয়ে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসকদল তৃণমূল। বলছেন, গাছে কাঁঠাল, গোঁফে তেল! তবে ভোট গণনা শেষে বিজয় মিছিল করা যাবে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই বিষয়ে সমস্ত জেলার ডিইও অর্থাৎ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। 

    কমিশন সূত্রে জানা গিয়েছে, গণনার দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি নিয়ে আগেই কমিশনকে সতর্ক করেন জেলাশাসকরা। এমনকী আগাম যাতে কমিশন ব্যবস্থা নেয় সে বিষয়ে কার্যত সতর্ক করা হয়। এরপরেই এদিন বিজয় মিছিল নিয়ে মনোজ আগরওয়াল বলেন, ”পুলিশ প্রশাসন এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেই কমিশন বিজয় মিছিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” আর তাই গণনার দিন বিজয় মিছিল হবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।

    এদিকে ভোট গণনার আগেই গেরুয়া আবির উড়িয়ে মাথায় পদ্ম ফুল নিয়ে পুরুলিয়া শহরে নাচলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । রবিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পশ্চিমবঙ্গ ও পুরুলিয়ার ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের জন্য
    রাজ্য বিজেপির ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে দলের কর্মী- সমর্থকদের অতি উৎসাহে রীতিমতো বাজনার তালে মাথায় পদ্ম ফুল নিয়ে নাচতে থাকেন ওই বিজেপি প্রার্থী। ভোটের ফল বার হওয়ার আগেই এমন দৃশ্য কার্যত নজিরবিহীন। তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ছবি।

    এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ”প্রথম দফার ভোট ভীষণ শান্তিপূর্ণ হয়েছে। আমাদের জেলায় একটা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এত বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন সেজন্যই আমরা তাদের ধন্যবাদ জানালাম। আমরা যে জিতছি সে সম্বন্ধে কোন সন্দেহ নেই। তাই কর্মীদের উচ্ছ্বাসে উৎসব হয়ে গেল।” বিদায়ী বিধায়ক এবার জিতলে তিনি হ্যাটট্রিক করবেন। ২০১৬ তে কংগ্রেসের প্রতীকে জিতে বিধায়ক হন। একুশে বিজেপি থেকে।

    শুধু পুরুলিয়া নয়, ভোটের ফলাফল প্রকাশের আগেই এদিন গেরুয়া আবির মেখে কর্মী, সমর্থকদের সঙ্গে বিজয় উৎসব পালন করতে দেখা যায় শীতল কপাটকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী তিনি। এদিন সকালে কর্মী সমর্থকদের নিয়ে উদযাপন করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারও। তাঁর কথায়, হার জেনে মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন না কী করবেন। আর তাই এই সব করে বেড়াচ্ছে। শ্যামলী সর্দারের কথায়, আমরা কাজে বিশ্বাসী। মানুষ কোন আবির খেলবে, আগামী কাল বুঝিয়ে দেওয়া হবে। 
  • Link to this news (প্রতিদিন)