রাস্তায় পড়ে গার্গী-অর্জুনদের নামের ভিভিপ্যাট স্লিপ! ‘ফস্কা গেরো…’, কমিশনকে খোঁচা সেলিমের
প্রতিদিন | ০৪ মে ২০২৬
ভোটগণনার আগের দিন সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কোনওটি সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের, কোনওটি তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য আবার কোনওটি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামের স্লিপ। প্রায় ১৫ কিলোমিটার দূরে বারাসত-বারাকপুর রোডের নীলগঞ্জ সুভাষনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এই স্লিপগুলি উদ্ধার করা হয়। গণনার কয়েকঘণ্টা আগে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বজ্র আটুনি – ফস্কা গেরো!” তবে কমিশন জানিয়েছে, এগুলি মকপোলের স্লিপ।
স্থানীয় বাসিন্দারাই প্রথম বাসস্ট্যান্ডের পাশে রাস্তার ধারে একাধিক ভিপিপ্যাটের স্লিপ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া স্লিপগুলির মধ্যে বিজেপি, সিপিএম ও তৃণমূল—তিন দলেরই স্লিপ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্লিপগুলি উদ্ধার করে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও স্লিপগুলি উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। বারাসত ১ ব্লকের বিডিওকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কীভাবে ভিভিপ্যাটের স্লিপগুলি ওই এলাকায় এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গণনার আগের দিন এই ঘটনায় নিরাপত্তা ও গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে কমিশনকে কটাক্ষ করে মহম্মদ সেলিম লেখেন, “বজ্র আটুনি – ফস্কা গেরো! নোয়াপাড়া কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ গণনার আগেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আর হ্যাঁ, বেশীরভাগই গার্গীর কাস্তে হাতুড়ির ভোট।” যদিও এবিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পরীক্ষা করে দেখা গিয়েছে উদ্ধার হওয়া স্লিপগুলি মকপোলের স্লিপ। এগুলি নির্বাচনের দিনের প্রকৃত ভোটের ভিভিপ্যাটের স্লিপ নয়। যদিও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে কমিশন। একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
নোয়াপাড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় দাবি করেন, “ভিভিপ্যাটগুলি মক পোলের নয়। এগুলি গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুল বুথের ভিভিপ্যাটের স্লিপ।” বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন। তৃণমূল প্রার্থী, তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “উদ্ধার হওয়া ভিপিপ্যাটের স্লিপগুলির বেশিরভাগই আমার, তারপরে সিপিএমের। কীভাবে আমাদের কেন্দ্রের ভিভিপ্যাটের স্লিপ এত দূরে চলে গেল, তার তদন্ত চাই।”
জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। স্লিপগুলি কীভাবে ওই এলাকায় গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে।