• বাড়ির শৌচাগার থেকে উদ্ধার বিচারকের ঝুলন্ত দেহ
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নয়াদিল্লি ৩ মে: এতদিন সাধারণ মানুষের বিচার করতেন। এবার তার করুণ পরিণতিতে হতবাক গোটা দেশ।  নিজের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল এক তরুণ বিচারক আমন কুমার শর্মার দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিচারক আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। বিচারকের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। স্ত্রীও একজন জুডিশিয়াল অফিসার।  শনিবার সফদরজং এলাকায় নিজের ফ্ল্যাটের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় বিচারকের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

    আমন কুমারের আদি বাড়ি রাজস্থানের আলওয়ারে। কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকতেন। সম্প্রতি বিচারকের  বাবা দিল্লি থেকে এসেছিলেন। বিচারকের বাবা পুলিশকে জানান, ঘটনার আগে ছেলের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শুনে তিনি যান। আমনের স্ত্রী খুব জোরে চিৎকার করছিলেন বলে তার দাবি। তিনি অশান্তি থামানোর চেষ্টা করলেও সুরাহা হয়নি। উল্টে পুত্রবধূ তাঁকে পুলিশ ডাকার ভয় দেখায়। তারপর থেকেই ছেলেকে দেখেন নি তিনি। অনেকক্ষণ কোন খোঁজ খবর না পেয়ে ছেলেকে ফোন করলে বাথরুম থেকে রিংটোন শোনা যায়। তারপরেই মৃত অবস্থায় পাওয়া যায় বিচারককে। তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)