• ফের কালীঘাট থানার ওসি বদল, এবার দায়িত্বে বলাই বাগ
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। দায়িত্ব পেলেন বলাই বাগ। ভোটগণনার ঠিক আগেই এই রদবদলকে ঘিরে রীতিমতো শোরগোল রাজ্য-রাজনীতিতে। গত, শনিবারই সাসপেন্ড করা হয়েছিল তৎকালীন কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবি পোস্ট করার জন্যই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। অভিযোগ, ফেসবুক এবং হোয়াটস অ্যাপ স্টেটাসে অত্যাধুনিক অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেছিলেন গৌতমবাবু। সেখানে ক্যাপশনে লেখা ছিল, নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।

    এরপরই বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, এই পোস্ট অস্বস্তিকর। আইনত পুলিশ আধিকারিকের অস্ত্র হাতে এই ধরণের ছবি পোস্ট করার কথা নয়। এই পোস্ট হুমকিবার্তার সামিল বলেও দাবি করেন তিনি। এমনকী এটি কেন্দ্রীয় নির্দেশিকার পরিপন্থী বলেও অভিযোগ তোলেন জয়প্রকাশবাবু। এরপরই বিষয়টি নিয়ে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়। পাশাপাশি বিষয়টি বিস্তারিতভাবে জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠিও দেওয়া হয়। এরপর গৌতম দাসকে সরিয়ে উল্টোডাঙা থানার দায়িত্বে থাকা চামেলী মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আজ, রবিবার সেই নির্দেশিকা বাতিল করে ফের কালীঘাট থানার ওসি বদল করা হল। দায়িত্ব দেওয়া হল বলাই বাগকে। এর আগে তিনি ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানায় অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কেন দুবার কালীঘাট থানার ওসি বদল করা হল সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনওরকম ব্যাখ্যা লালবাজারের পক্ষ থেকে দেওয়া হয়নি। 
  • Link to this news (বর্তমান)