• ফলতা-কাণ্ডে কড়া পদক্ষেপের ইঙ্গিত কমিশনের, ২৪২ জন আধিকারিকের বিরুদ্ধে জমা পড়ল রিপোর্ট
    এই সময় | ০৪ মে ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের (Falta Constituency) বিতর্কিত ৬০টি বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। ওই বুথগুলির ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজ়ার্ভার মিলিয়ে মোট ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। রিপোর্টটি পাঠিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

    দ্বিতীয় দফার নির্বাচনের দিন (২৯ এপ্রিল) ফলতার বেশ কয়েকটি বুথের ইভিএমে বিজেপির প্রতীকের উপরে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) শেয়ার করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। পরের দিন ফলতার বেশ কিছু জায়গায় ভোট দিতে না দেওয়ার প্রতিবাদ করে রাস্তা অবরোধের ঘটনা ঘটে। শেষে ২১ মে পুরো ফলতা কেন্দ্রেই নতুন করে ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এই নিয়েই রিপোর্ট জমা পড়ল কমিশনে। সূত্রের দাবি, কর্তব্যে গাফিলতি, অভিযোগ উপেক্ষা এবং সময়ে পদক্ষেপ না করার মতো একাধিক বিষয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট বুথগুলিতে ইভিএমের উপর যে টেপ লাগানো ছিল, রিটার্নিং অফিসার তা স্বীকার করে নেন। কিন্তু কেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠতে শুরু করে তার পর থেকেই।

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিষয়টি যখন জানতে পারে তখন ভোটদানের হার ছিল ৩৮ শতাংশ। কিন্তু পদক্ষেপ করতে করতে সেই হার পৌঁছে যায় ৬২ শতাংশে। কেন এত দেরি হল, কেন ভোট প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল না, সেই সব প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে কমিশনের সচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিক কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে ওয়েবকাস্টিং ফুটেজ খতিয়ে দেখছেন বলে খবর। বুথভিত্তিক ফুটেজ একে একে পরীক্ষা করে দেখা হচ্ছে, কোথায় কী ধরনের অনিয়ম ঘটেছে।

    বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বলেও সূত্রের দাবি। কমিশনের তরফে ইঙ্গিত, একাধিক আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন প্রায় নিশ্চিত। এমনকি কারও কারও চাকরি নিয়েও বড় সিদ্ধান্ত হতে পারে। ফলতা-কাণ্ডে কমিশনের পরবর্তী পদক্ষেপ এখন রাজনৈতিক মহলেও তীব্র আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

    উল্লেখ্য, ফলতা বিধানসভার সব ভোটকেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২১ মে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ২৪মে হবে ভোট গণনা।

  • Link to this news (এই সময়)