• তৃণমূল এখনই ২৩৪টি আসনে জিতে গিয়েছে, দাবি অখিলেশ যাদবের
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • লখনউ: বিজেপি যতই ষড়যন্ত্র করুক, মানুষের রায়ে ইতিমধ্যেই ২৩৪টি আসন জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের দিন এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে বিজেপিরও কড়া সমালোচনা করেছেন তিনি। অখিলেশের দাবি, ‘বিজেপি আসলে মিথ্যার সোনপাপড়ি। একটা মিথ্যার উপর আরেকটা মিথ্যার স্তর চাপিয়েই চলেছে তারা। ফলতা কেন্দ্রে ফের ভোটগ্রহণের সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে, চরম লজ্জাজনক পরাজয়ের পর বিজেপি মুখ লুকানোর একটা অজুহাত খুঁজছে।’ ভোটগণনার সময় তৃণমূলের প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন সপা সুপ্রিমো। তিনি জানিয়েছেন, জয়ী হওয়ার সার্টিফিকেট আপনাদের হাতে না পৌঁছানো পর্যন্ত চরম সতর্ক থাকতে হবে। তৃণমূলের সদা সতর্ক ও সজাগ কর্মীরা বিজেপির সব অপচেষ্টাকেই ব্যর্থ করে দেবেন। এর আগে শনিবারও অখিলেশ জানিয়েছিলেন, মমতা একাই লড়াই করছেন এবং জিতবেন। 

    বাংলার নির্বাচন নিয়ে রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেন অখিলেশ। ফলতায় যেভাবে কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে, তা নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন তিনি। অখিলেশ লিখেছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং টেলিভিশন সম্প্রচারের উপর ভিত্তি করেই কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এর অর্থ কি এটাই যে, সংবাদমাধ্যমের কর্মীরা ভোটকেন্দ্রের একেবারে ভিতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী যা সম্পূর্ণ অসম্ভব। প্রতিটি ভোটকেন্দ্রকেই কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র বাহিনীর কড়া প্রহরা ছিল। কমিশন তো বুথ দখলেরও অভিযোগ তুলছে। এর অর্থ এটাই যে, সেখানে যে পর্যবেক্ষক ছিলেন, তাঁর ভূমিকা সন্দেহজনক। প্রাথমিক পদক্ষেপ হিসাবে তাঁকে অবিলম্বে বরখাস্ত করা উচিত।

    অখিলেশ আরও লিখেছেন, সাধারণ মানুষ এমনও দাবি করছেন যে, যদি সত্যিই কোনো অনিয়ম ঘটে থাকে, তবে পুনর্নির্বাচনের জন্য যে বিপুল অর্থ খরচ হবে, তা সরাসরি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের থেকেই আদায় করা উচিত। তাঁদের কাজে অবহেলা, বেআইনি কার্যকলাপ ও দুর্নীতির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষ খুব ভালো করেই জানেন, যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটত, তাহলে শয়ে শয়ে ভিডিয়ো ক্লিপ সামনে চলে আসত। এটা আসলে বিজেপির সাজানো মিথ্যার উপর চাপানো আরও একটি নতুন স্তর।
  • Link to this news (বর্তমান)