বদলাচ্ছে না আধার কার্ডের চেহারা, ভুয়ো খবর থেকে সতর্ক করল কেন্দ্র
বর্তমান | ০৪ মে ২০২৬
নয়াদিল্লি: আধার কার্ডের রূপবদল সংক্রান্ত সমস্ত খবর ভুয়ো। বিবৃতি জারি করে এমনটাই স্পষ্ট করল কেন্দ্র। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বা সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছিল, নতুন আধার কার্ডে কেবল ব্যবহারকারীর ছবি ও একটি কিউআর কোড থাকবে। দাবি ছিল, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে।
তবে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, এই দাবি একেবারেই সঠিক নয়। সাধারণ মানুষের মনে অযথা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই ভুয়ো খবর ছড়ানো হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আধার সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কেবল ইউআইডিএআই-এর সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ও পিআইবি-র মাধ্যমে জারি হওয়া বিজ্ঞপ্তিকেই ভরসা করা উচিত।
সাধারণত একটি আধার কার্ডে ব্যবহারকারীর ছবি, নাম, ঠিকানা, জন্মতারিখ, আধার নম্বর এবং ব্যবহারকারীর তথ্য যাচাইয়ের জন্য একটি কিউআর কোড থাকে। আধার নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে ভিত্তিহীন গুজব ছড়ায়। সরকার ও ইউআইডিএআই নিয়মিতভাবে এই ধরনের দাবির সত্যতা যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করে। ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হলেও জন্মতারিখের বৈধ প্রমাণ নয়।