পুনেতে বালককে ধর্ষণ-খুন, সুটকেস থেকে মৃতদেহ উদ্ধার, আটক কিশোর
বর্তমান | ০৪ মে ২০২৬
পুনে: শুক্রবার পুনেতে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক একইদিনে সামনে এল আর একটি নৃশংস ঘটনা। এবার পুনেতে তিন বছরের বালককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রতিবেশী ওই বালককে চকোলেটের লোভ দেখিয়ে নির্জন এলাকায় ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে ধর্ষণ করে খুন করে। এখানেই শেষ নয়। প্রমাণ লোপাট করতে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দেয় খুদের দেহ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। চলতি সপ্তাহে দ্বিতীয়বার এমন ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আমজনতা ও মহারাষ্ট্রের বিরোধী দলগুলি।
বাড়ির সামনে খেলছিল তিন বছরের ওই খুদে। পরিবারের কথায়, হঠাৎই সে হারিয়ে যায়। এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলেনি। এরপর থানায় অভিযোগ জানানো হয়। তড়িঘড়ি তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। বেশ কিছুক্ষণ পর পাশেই একটি বাড়ি থেকে খুদের মৃতদেহ উদ্ধার হয়। ততক্ষণে পালিয়েছে অভিযুক্ত কিশোর। তদন্ত সূত্রে জানা গিয়েছে, খুন করার পর বিহারের বাসিন্দা ওই কিশোর পুনে থেকে পালাতে চেয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। রেলস্টেশনে তাকে ধরে ফেলে পুলিশ।
জেরার মুখে দোষ স্বীকার করেছে অভিযুক্ত। সে জানিয়েছে, চকোলেটের লোভ দেখিয়ে খুদেকে বাড়িতে নিয়ে গিয়েছিল। ধর্ষণের পর তাকে কুপিয়ে খুন করে। এরপর রক্তাক্ত দেহটি একটি সুটকেসে ঢুকিয়ে দেয়। সন্তানের খোঁজ করতে অভিযুক্তের বাড়িতেও গিয়েছিলেন তাঁর মা। কিন্তু তাঁকে ভুল বুঝিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।