নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জল্পনা ছিলই। সেই মতো ভোট মিটতেই বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় টনক নড়তে শুরু করেছে সাধারণ মানুষের। ভোট গণনার আগে রবিবার বাজার করতে গিয়ে মাথায় হাত রায়গঞ্জবাসীর। ব্রয়লার মুরগির মাংসের দাম বেড়ে হয়েছে ৩০০ টাকা। মোহনবাটি, স্টেশন বাজার, দেবীনগর বাজারের বিক্রেতাদের দাবি, ভোট চলাকালীন একলাফে বিক্রি বেড়ে গিয়েছিল। তারই ফলস্বরূপ চাহিদার তুলনায় বাজারে জোগান কম ব্রয়লার মুরগির।
ছুটির দিনে সাধারণ মধ্যবিত্ত পরিবারে মুরগির মাংসের চাহিদা থাকে। কারণ, অনেকেই পাঁঠার মাংস দামের জন্য কিনতে পারেন না। ভোটের আগ পর্যন্ত রায়গঞ্জে প্রতি কেজি মুরগির দাম ঘোরাফেরা করেছে ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে। কিন্তু ভোটের মরশুম শুরু হতেই এক লাফে মুরগির দাম পৌঁছে গিয়েছে ৩০০ টাকায়। মোহনবাটি বাজারের মুরগি বিক্রেতা রঞ্জিত মোদক বলেন, ভোটের সময় থেকে মুরগির চাহিদা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে দামও। যে মাংস প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে ছিল, তা এখন ৩০০ হয়েছে। ভোটের দিন তো বাজারে মুরগির মাংস শেষ হয়ে গিয়েছিল। কোথাও পাওয়া যায়নি।
মুরগির দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। পিঙ্কি দাস বলেন, প্রত্যেকবার ভোটের পর দেখেছি মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে বিপাকে ফেলে। এবারও বাড়ল। এদিকে বাণিজ্যিক গ্যাসের দামও বেড়ে গিয়েছে। এবার মুরগির মাংসের দাম বাড়ল। এদিকে, আবার প্রত্যেক ডিমের পেটিতেও ৩০ থেকে ৪০ টাকা করে বেড়েছে।