• অবজার্ভারের গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, দুমড়ে-মুচড়ে গেল টোটো, উত্তেজনা
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: জেনারেল অবজার্ভারের গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে টোটো চালকের। অবজার্ভারের গাড়ি রাস্তা থেকে ছিটকে পাশের ঝোপে উলটে যায়। তবে গাড়িতে থাকা অবজার্ভার সহ কারোর তেমন ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে টোটো চালকের। রবিবার দুপুরে পতিরাম থানার বাউল সেতুর কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি বিধানসভার অবজার্ভার গাড়িতে চেপে বালুরঘাটে আসছিলেন। উলটো দিক থেকে এক টোটোচালক বাউলের দিকে যাচ্ছিলেন। সেসময় টোটোর সঙ্গে ধাক্কা লেগে উলটে যায় ছোটগাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ যায় টোটো চালকের। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অবজার্ভার সুস্থ রয়েছেন। 

    পুলিশ সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম খোকন সরকার (৬৬)। বাড়ি পতিরাম থানার বাউল এলাকায়। রবিবার দুপুরে তিনি টোটো নিয়ে ঘাস কাটতে যান। ফেরার পথে বাউল সেতুর কাছে অবজার্ভারের গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। অভিযোগ, অবজার্ভারের গাড়ি দ্রুত গতিতে থাকায় টোটো দুমড়েমুচড়ে যায়। টোটোচালকেরও মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর উলটে যায় ছোটগাড়িটি।

    খবর পেয়ে পতিরাম থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের বাকি গাড়ি ঘটনাস্থলে এসে অবজার্ভারকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, কুশমণ্ডির ওই জেনারেল অবজার্ভারের নাম শান মুগুরাজন এস। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির আর কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

    এদিকে, টোটোচালকের মৃতদেহটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টোটো ও অবজার্ভারের গাড়ির সংঘর্ষের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। মৃতের নিকট আত্মীয় অমল সরকার জানান, খোকন টোটো নিয়ে ঘাস কাটতে গিয়েছিলেন। ফেরার পথে বাউলে ওই গাড়িটি টোটোয় ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ যায় খোকনের। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। 

    কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ। খবর পেয়ে বালুরঘাটের ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা ঘটনাস্থল খতিয়ে দেখেন।
  • Link to this news (বর্তমান)