• ভোটের ফলাফলের বাংলায় আজ তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার রাজ্যে ভোট গণনার দিন রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গে মালদহ জেলার কোনো কোনো স্থানে। এজন্য আবহাওয়া দপ্তর আগেই ‘কমলা’ সতর্কতা দিয়েছিল। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায় আজ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলায় সার্বিকভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে আজ। আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা থাকছে। পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে কয়েকদিন যাবৎ রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তবে এর মাত্রা ওইসময় পর্যন্ত শনিবারের তুলনায় কম ছিল। 

    নিয়মিত ঝড়বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি মিলেছে। সোমবার বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হলে গরম আরো কমবে। আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। দুটোই স্বাভাবিকের চেয়ে কম। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা (২২.৪ ডিগ্রি) স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম ছিল।
  • Link to this news (বর্তমান)