• ২৬৭২ কোটির প্রতারণা, ব্যবসায়ীকে দুবাই থেকে ভারতে আনল সিবিআই
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপুল টাকা ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত কমলেশ পারেখকে দুবাই থেকে কলকাতায় আনল সিবিআই। ইন্টারপোলের সাহায্য নিয়ে এই জুয়েলারি ব্যবসায়ীকে ভারতে আনা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে ২,৬৭২ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সাতবছর ধরে তিনি দেশছাড়া ছিলেন। সিবিআই সূত্রের খবর, কমলেশ ও তাঁর সহযোগীরা ২৫টি ব্যাংকের একটি কনসর্টিয়াম করেন। সেখান থেকে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে ২,৬৭২ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এই টাকা বিদেশে পাচার করা হয় বলে অভিযোগ। কিন্তু ব্যাংকঋণের টাকা জমা পড়েনি। অভ্যন্তরীণ তদন্ত করতে গিয়ে ব্যাংক দেখে যে, কমলেশের বিপুল পরিমাণ দেনা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়।  কেন্দ্রীয় এজেন্সি ২০১৬ সালে এফআইআর রুজু করে। কিন্তু এরপরই দেশ ছেড়ে দুবাই পালান কমলেশ পারেখ। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তাঁকে পলাতক দেখিয়ে চার্জশিট দেয় সিবিআই। পরে তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের বিদেশ মন্ত্রক আরব আমিরশাহি সরকারকে অনুরোধ করে। ইন্টারপোল মারফত সিবিআই-ও তাঁকে ফেরানোর আবেদন করে। দীর্ঘদিন ধরে কথাবার্তা চলার  পর অবশেষে কয়েকদিন আগেই তাঁকে দুবাই থেকে ভারতে আনা হয়েছে। ব্যাংকঋণের টাকা তিনি কোথায় পাচার অথবা লগ্নি করেছেন, তা জানতে ধৃতকে জেরা করতে চান তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)