নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’জনেই ভারতের ভোটার। এই বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। তাঁদের তর্জনি থেকে ভোটের কালি মুছে যায়নি এখনও। তা সত্ত্বেও এক ফল বিক্রেতা এবং এক সবজি বিক্রেতাকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করার অভিযোগ উঠল। ভরা বাজারে তাঁদের হেনস্তা করে এক যুবক। শুধু তাই নয়, ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্য থেকে ওই দু’জনকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে রবিবার ভোররাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। জানা গিয়েছে, গত শুক্রবার প্রথম ঘটনাটি ঘটে। ভাঙড়ের এক ফল বিক্রেতা বাগুইআটির তেঘরিয়ায় পেয়ারা বিক্রি করছিলেন। সেই সময় এক যুবক এসে তাঁকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করে। তাঁকে ৪ মে’র পর বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার ঘটে দ্বিতীয় ঘটনাটি। ভাঙড়েরই এক সবজি বিক্রেতা বাগুইআটিতে পসরা নিয়ে এসেছিলেন ঠ্যালায়। আগের ঘটনায় অভিযুক্ত যুবকই তাঁকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করে এবং হুমকি দেয়। অভিযোগ পাওয়ার পর বাগুইআটি থানা অভিযুক্তকে গ্রেপ্তার করে।