• আজ হুগলির ১৪ আসনের ভাগ্যনির্ণয়, ৫টি কেন্দ্রে গণনা, তৎপরতা সব মহলে
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ ভোটগণনা। হুগলির উত্তরপাড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ১৪টি আসনের নির্বাচনি ফলাফল ঘোষণা হবে। আর আরামবাগ মহকুমা যোগ করলে আসনের সংখ্যা হবে ১৮। ভোটগণনা নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোট পরবর্তী পর্বে প্রস্তুতি নিয়েছে রাজনৈতিক দলগুলি। জেলা নির্বাচন আধিকারিকের তরফে গণনা নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সব মিলিয়ে সব মহলেই সাজসাজ রব। হুগলির আরামবাগ মহকুমা বাদে পাঁচটি গণনা কেন্দ্রে ১৪টি আসনের ভোট গণনা হবে এদিন। ইতিমধ্যেই গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ভোটের মতোই গণনা পর্বে বিরাট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনা কেন্দ্রগুলিকে মূলত কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই রাখা হয়েছে। 

    কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৪টি আসনে ১৩০ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। তবে মূলত, নজর থাকবে রাজ্যের শাসক ও বিরোধী দলের ফলাফলের দিকে। রবিবার তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছে, জেলার মানুষের রায় বদলাবে না। অর্থাৎ ২০২১ সালের মতো ১৪টি আসনেই ঘাসফুল ফুটবে। অন্যদিকে, বিজেপি একাধিক আসনে পদ্ম ফোটার দাবি জানিয়েছে। বামেরাও মনে করছে জেলায় তাদের জন্য একাধিক সম্ভাবনাময় আসন রয়েছে। প্রসঙ্গত, জেলাজুড়ে ৪৩ লক্ষ ৬১ হাজার ৩৯৩ জন ভোটদাতা ছিলেন। তাঁদের প্রায় ৯২ শতাংশ রায় দিয়েছেন। হুগলি জেলার সবচেয়ে বেশি আসনের গণনা হবে শ্রীরামপুরে। শ্রীরামপুর কলেজে শ্রীরামপুর, উত্তরপাড়া, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা ও চাঁপদানি বিধানসভার ভোট গণনা হবে। অন্যদিকে, চুঁচুড়া ও চন্দননগরে দু’টি করে গণনা কেন্দ্র করা হয়েছে। চুঁচুড়া এইচআইটি কলেজে পাণ্ডুয়া ও বলাগড়ের ভোট গণনা হবে। পাশাপাশি সার্ভে কলেজে সপ্তগ্রামের ভোট গণনা হবে। চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে সিঙ্গুর ও চন্দননগরের ভোট গণনা হবে। চন্দননগর কলেজে হরিপাল ও তারকেশ্বর বিধানসভার ভোট গণনা হবে। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক গণনাকর্মী ওই কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই চলে গিয়েছেন। সঙ্গে রাখা হচ্ছে বেনজির নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রকে কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হচ্ছে। কেন্দ্র থেকে ২০০ মিটার এলাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকবে। রাজ্য পুলিশ কর্মী-অফিসারদের ২০০ মিটার দূরে আরও একাধিক বলয়ের নিরাপত্তার জন্য বহাল করা হয়েছে। গণনা কেন্দ্রগুলির বাইরে রাজনৈতিক দলের জমায়েত নিয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন। তাতে বলা হয়েছে, প্রত্যেক রাজনৈতিক দলের ৪০ জনের বেশি কর্মী গণনা কেন্দ্রের বাইরে থাকতে পারবেন না। তাঁদেরও বিশেষ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। হুগলি জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ কর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয়েছে। গণনাও সুষ্ঠু করা হবে। রাজ্যের ভবিষ্যৎ নির্ণায়ক নির্বাচনে বিপুল আয়োজন নজর কাড়ছে।
  • Link to this news (বর্তমান)