• পুলিশ সেজে রাস্তায় বাইকের চাবি কেড়ে তোলাবাজির অভিযোগ, ধৃত ২
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারে সাইবার ক্রাইম থানার পুলিশকর্মী। এই পরিচয় দিয়ে এক দম্পতির কাছ থেকে বাইকের চাবি কেড়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার রথতলার কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভীক ঘোষ ও আকাশ ঘোষ নামে যুবককে গ্রেপ্তার করেছে থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত নটা নাগাদ বাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। তাঁদের বাইকটি ওভারটেক করে দুই অভিযুক্তের বাইককে। তখনই দ্রুতগতিতে তাঁদের পিছু ধাওয়া করে বাইকটিতে থামান অভীক ও আকাশ নামে ওই দুই যুবক। আড়াআড়িভাবে রাস্তা আটকে নিজেদের বাইকটি থামান তাঁরা। তারপর তাঁদের বাইকের চাবি কেড়ে নিয়ে নিজেদের লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশকর্মী বলে পরিচয় দেন। জানান, নিয়ম ভেঙে ওই দম্পতি বাইক চালাচ্ছেন। তাছাড়া তাঁদের বিরুদ্ধে সাইবার জালিয়াতির অভিযোগও রয়েছে। সেই কারণে তাঁদের বাইকটি আটকানো রয়েছে। এটা শুনে ওই দম্পতি প্রাথমিকভাবে হকচকিয়ে যান। এরপর ওই দুই যুবক টাকা দাবি করেন তাঁদের কাছে থেকে। কিন্তু অভিযোগকারীরা এই টাকা দিতে রাজি হননি। তাঁরা বুঝতে পেরে যান, এঁরা পুলিশকর্মীই নন।

    এনিয়ে তর্কাতর্কির মাঝে এলাকায় ভিড় জমে যায়। দুই অভিযুক্ত পালিয়ে যান। তখন ওই দম্পতি থানায় এসে অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তোলাবাজির কেস রুজু করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইকটি চিহ্নিত করে। বাইকের নম্বর দেখে জানা যায়, এক যুবকের বাড়ি পঞ্চসায়র এলাকায়। রাতেই পুলিশ সেখানে হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করে। পরে ধরা পড়ে আরও এক অভিযুক্ত। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির বাইক বা গাড়ি আটকে তোলা আদায় করতেন তাঁরা। তাঁদের একটি গ্যাং রয়েছে, যারা এই কাজ করছেন বিভিন্ন জায়গায়। পুলিশ কীভাবে গাড়ি আটকাচ্ছে, তা দেখে সেই কৌশল রপ্ত করেন তাঁরা। এই কায়দায় তাঁরা কত টাকার তোলাবাজি করেছেন, তা জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)