নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার দুই দুষ্কৃতী
বর্তমান | ০৪ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল নোয়াপাড়া। অভিযোগ, এক বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাঁর বাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আকাশ চৌধুরী ওরফে গলু ও আমনদীপ চৌধুরী। তাদের বাড়ি গারুলিয়া এলাকায়।
শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা বাইকে করে গারুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ডানবার সাউথ রোডে কুন্দন সিংয়ের বাড়ির সামনে পৌঁছেছিল। কুন্দনবাবু বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্তরা কুন্দনবাবুর বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়ায়। এরপর তাঁদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করে বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় কেউ জখম না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায়। কুন্দন সিংয়ের দাবি, ‘ধৃত দু’জনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বারবার আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। পরিকল্পনা করেই গুলি চালানো হয়েছে। আমি সামনে থাকলে আমাকে খুন করত। এই দু’জনকেই নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণের আগে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আটক করেছিল। ছাড়া পেয়েই তারা এই ঘটনা ঘটিয়েছে।
এই বিষয়টি নিয়ে নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন, পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কোনো গুন্ডামি বরদাস্ত করা উচিত নয়।