• ত্রিস্তরীয় নিরাপত্তায় আজ হাওড়া সদরে ভোট গণনা, রাস্তায় টহলদারিতে থাকবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কড়া নিরাপত্তা বলয়ে আজ, সোমবার হাওড়া সদরের তিনটি কেন্দ্রে হবে ভোট গণনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যাতে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। প্রথম স্তরে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোতায়েন থাকবেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজ্য পুলিশের আধিকারিকরা। দ্বিতীয় স্তরে দায়িত্বে থাকবে স্টেট আর্মড পুলিশ ফোর্স, আর তৃতীয় তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে— স্ট্রংরুম থেকে কাউন্টিং হল পর্যন্ত নিরাপত্তার ভার থাকবে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে।

    হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, তিনটি গণনাকেন্দ্র মিলিয়ে মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রতিটি কেন্দ্রে গড়ে দুই কোম্পানি করে বাহিনী থাকবে। পাশাপাশি গণনার দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশনারেট এলাকার বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে অতিরিক্ত ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র রাজ্য পুলিশ। নিরাপত্তার স্বার্থে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

    জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, ‘কঠোর নজরদারির মধ্যেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজনৈতিক দলগুলির এজেন্টদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একবার কেন্দ্র থেকে বেরিয়ে গেলে বৈধ পরিচয়পত্র ছাড়া পুনরায় প্রবেশের অনুমতি মিলবে না। গণনাকেন্দ্রের ভিতরে যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রয়োজনীয় ভিড় না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।’ উল্লেখ্য, হাওড়া সদরের তিনটি পৃথক স্থানে স্ট্রংরুম তৈরি করা হয়েছে এবং সেখানেই গণনা হবে। হাওড়া ময়দানের যোগেশচন্দ্র গার্লস স্কুলে ভোটগণনা হবে বালি, হাওড়া উত্তর ও মধ্য হাওড়া কেন্দ্রের। শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসে শিবপুর, হাওড়া দক্ষিণ ও সাঁকরাইল কেন্দ্রের গণনা হবে। অন্যদিকে কাসুন্দিয়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে পাঁচলা, জগৎবল্লভপুর ও ডোমজুড় কেন্দ্রের ভোট গণনার ব্যবস্থা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)