• ২৪ ঘণ্টার মধ্যেই বদল কালীঘাট থানার ওসি!
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই বদলি হলেন কালীঘাট থানার ওসি। চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন ওসি হলেন বলাই বাগ। তিনি ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন। রবিবারই এই বদলির নির্দেশে সই করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। চামেলি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা ঝুলে থাকাতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। তাঁকে উল্টোডাঙা মহিলা থানার ওসির দায়িত্বে পাঠানো হয়েছে।

    কমিশন দায়িত্ব নেওয়ার পর রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক ওসিকে সরিয়ে দেয়। কালীঘাট থানার তদানীন্তন ওসি সত্যজিৎ কর্মকারকে সরিয়ে আনা হয় গোয়েন্দা বিভাগে কর্মরত উৎপল ঘোষকে। ২৯ মার্চ উৎপলবাবু কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্বভার নেন। কলকাতায় ভোটের চারদিন আগে, অর্থাৎ ২৫ এপ্রিল উৎপলবাবুকে সরিয়ে ২০০৮ ব্যাচের ইনস্পেক্টর গৌতম দাসকে কালীঘাট থানার ওসি করা হয়। ভোটের দিন কালীঘাট থানা এলাকায় লাঠিচার্জ করে তিনি বিতর্কে জড়ান। ১ মে ফেসবুকে বন্দুক হাতে ছবি পোস্ট করেন গৌতমবাবু। ক্যাপশনে লেখা ছিল—‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’! এই নিয়ে বিতর্ক শুরু হয়। কমিশনে অভিযোগ জমা পড়ে। সার্ভিস কন্ডাক্ট রুলের বিরোধী কাজ করায় শনিবার দুপুরে গৌতমবাবুকে সরিয়ে দেয় লালবাজার। ওইসঙ্গে সাসপেন্ড করা হয় এই অফিসারকে। তাঁর জায়গায় দায়িত্ব পান চামেলি মুখোপাধ্যায়। 

    লালবাজার জানতে পারে, আলিপুর আদালতে একটি মামলা ঝুলে রয়েছে তাঁর নামে। এরপরই তড়িঘড়ি রবিবার দুপুরেই তাঁকে সরিয়ে কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে।  রবিবার রাতেই তিনি ওসির দায়িত্বভার নিয়েছেন বলে খবর। তবে কালীঘাট থানার ওসিদের বারবার বদল নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে কলকাতা পুলিশের অন্দরমহলে। থানার ওসি করার আগে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কোনো কেস ঝুলে রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করা হয়নি কেন? এই প্রশ্ন তুলছেন পুলিশের একাংশ।
  • Link to this news (বর্তমান)