কাউন্টিং এজেন্টের খাবার, জলের ব্যবস্থা শেষ মুহূর্তেও অনিশ্চিত নেতাজি ইন্ডোরে, মনঃসংযোগ ভাঙতেই এই চক্রান্ত, দাবি কুণালের
বর্তমান | ০৪ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোর সাড়ে ৫টা থেকে গণনা শেষ না-হওয়া পর্যন্ত একটি টেবিলে থাকতে হবে একজন কাউন্টিং এজেন্টকেই। কিন্তু তাঁদের খাবার নিয়ে ঢুকতে দেওয়া হবে না। একথা আগে থেকেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাউন্টিং এজেন্টদের খাবার এবং জলের এখনো কোনো সুরাহা করা হয়নি। তিনদিন ধরে এনিয়ে সরব হয়েছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। গণনার আগের দিন রবিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়কে সঙ্গে নিয়ে পরিদর্শনে এসে কুণালবাবু জানতে পারেন, এবিষয়ে এখনো কোনো ব্যবস্থাই করেনি কমিশন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাঁর দাবি, কাউন্টিং এজেন্টদের মনঃসংযোগ ভেঙে দিতেই এই চক্রান্তের ছক কষেছে কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে কুণালবাবু আরো জানান, আমরা জানতে চাওয়ায় বলা হল যে, মাঝে একটি ব্রেক দেওয়া হবে। কিন্তু, যদি খাবার এবং জলই না থাকে তাহলে ব্রেক নিয়ে করবেটা কী? এবিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। আগামীকাল সোমবার ভোর সাড়ে ৫টায় কাউন্টিং এজেন্টরা চলে আসবেন। রাত ১২টার পরে যদি আমাদের খাবার আর জলের ব্যবস্থা করতে বলে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে।