• সমাজমাধ্যমে নেত্রী-সেনাপতিকে অভিনন্দন জানাতে তৈরি পোস্টার
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হতে আর মাত্র কয়েকঘণ্টার প্রতীক্ষা। কিন্তু তার আগেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস আগাম বানিয়ে ফেলেছে একাধিক পোস্টার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে বাংলা এবং বাঙালি আবেগকে জড়িয়ে তৈরি করা হয়েছে এই পোস্টারগুলি। মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই এই পোস্টারগুলি বানানো হয়েছে। 

    তাতে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ করে লেখা রয়েছে, ‘মুড়ি ছিল ভীষণ ঝাল, অগ্নিকন্যাই ধরেছে হাল’। সঙ্গে জ্বলজ্বল করছে, জাহাজের স্টিয়ারিং হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোথাও আবার পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবির তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিজেপিকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘তোমার কপালে বিভেদ তিলক, হাতে ধর্মের শূল, মোদের বুকে আগুনের নাম—রবীন্দ্র-নজরুল।’ এভাবেই আবার কোনো কোনো পোস্টার তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখানে লেখা, ‘দুচোখে আগুন, শিরদাঁড়া শক্ত, সেনাপতির ধমনিতে, সুভাষের রক্ত...’ সঙ্গে অভিষেক এবং সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া সেই পোস্টারে। বাংলা এবং বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে বিজেপিকে কটাক্ষ করেও তৈরি হয়েছে, বিভিন্ন পোস্টার। লেখা রয়েছে, ‘ছিল আছে থাকবে...ওরা বাংলা শুনেই কাঁপবে।’ কোথাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা, ‘রক্তে লড়াই, নেশা কাজ, অদম্য এক যুবরাজ!’ মূলত এই পোস্টারগুলিতে বিভিন্ন ধরনের হলুদ, লাল, কালো রং ব্যবহার করা হয়েছে। কলকাতা তথা বাংলাকে চেনাতে এই সমস্ত পোস্টারগুলিতে কোথাও রয়েল বেঙ্গল টাইগার, কোথাও আবার হাওড়া ব্রিজের ছবি উজ্জ্বল। অনবদ্য গ্রাফিক্স, আগুনরঙা পোস্টার, যা যথেষ্ট নজরকাড়া। ইতিমধ্যেই টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাপ্পাদিত্য দাশগুপ্ত এমন দুটি পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। পাশাপাশি দলের বিভিন্ন ফেসবুক পেজ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান-পেজ থেকেও কয়েকটি এমন পোস্টার ছাড়া হয়েছে। যদিও এই পোস্টারগুলি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেভাবে ভাইরাল করেনি জোড়াফুল শিবির।

    দলের নেতাদের একাংশের বক্তব্য, জয় নিশ্চিত, আগে থেকেই পোস্টার তৈরি শুরু। সাফল্যের চাবিকাঠি নেত্রী অগ্নিকন্যা, সেনাপতি অভিষেক। তৃণমূল কংগ্রেসের দাবি, আজ সোমবার বেলা গড়াতেই জয়ের ছবি স্পষ্ট হবে। সেটা শুরু হতেই এই পোস্টারগুলি ফেসবুকে পোস্ট করা শুরু হবে।  বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এই পোস্টার-স্লোগান। যেভাবে নির্বাচনি প্রচারে গত দেড়মাস ধরে বাংলা এবং বাঙালিকে অপমান করেছে বিজেপি, তার জবাবেই এই পোস্টারগুলি তৈরি। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই আপ্তবাক্য ধরে নিয়েই ফলাফল পরবর্তী প্রচার চলবে।  ঘাসফুল শিবির সূত্রের খবর, এই ধরনের পোস্টারগুলি শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে না। বিভিন্ন জায়গায় সেগুলি সাঁটার পরিকল্পনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)