নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা। উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ৩৫৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে ১৪৩ জন নির্দল প্রার্থী। ফলে বহু কেন্দ্রেই লড়াইয়ের অঙ্ক জটিল। কারণ নির্দল প্রার্থীদের এই উপস্থিতি একাধিক আসনে ত্রিমুখী থেকে চতুর্মুখী লড়াইয়ের পরিস্থিতি তৈরি করেছে। ফলে, শেষ মুহূর্তে ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকছেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে গণনা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে। নেওয়া হয়েছে একগুচ্ছে পদক্ষেপ। গণনা কেন্দ্রের চারপাশ ঘিরে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাছাড়া কেন্দ্রের চারপাশে অযথা জমায়েত নিয়েও কড়াকড়ি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার একটি করে জায়গায় গণনা হবে এদিন। বারাসত গভর্নমেন্ট কলেজ ও গভর্নমেন্ট হাইস্কুল, বসিরহাটের পলিটেকনিক ও বনগাঁ দীনবন্ধু কলেজে হয়েছে গণনাকেন্দ্র।
ভোট গণনা নিয়ে রবিবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনি আধিকারিক শিল্পা গৌরীসারিয়া। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট আটটি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। সব গণনা কেন্দ্রেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ। দ্বিতীয় স্তরে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী ও তৃতীয়তে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোট তিন হাজার ভোটকর্মী কাজ করবেন। কাউন্টিং সুপারভাইজার ৮০২ জন, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ১০৩৮ ও ৮১৬ জন মাইক্রো অবজার্ভার থাকছেন। এছাড়া মোতায়েন থাকবেন পুলিশ অবজার্ভারও। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনের জন্য মোট ৪৯ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। রাজ্যে এটাই সর্বাধিক।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বনগাঁ মহকুমার ক্ষেত্রে দু’জন পুলিশ অবজার্ভার ও পাঁচজন কাউন্টিং অবজার্ভার কাজ করবেন। এছাড়া বারাসতের জন্য দু’জন পুলিশ ও সাতজন জেনারেল অবজার্ভার থাকছেন। আজ জেলা জুড়ে মোতায়েন থাকবে ২০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে জেলা নির্বাচনি আধিকারিক শিল্পা গৌরিসারিয়া বলেন, অশান্তি রুখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত মাইক বাজানো বন্ধ। সেই সঙ্গে বহিরাগতদের এলাকায় ঢোকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে কড়া হাতে তা মোকাবিলা করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এসআইআর। আর সেই তালিকায় সীমান্তের এই জেলায় নজর ছিল রাজ্যমহলের। চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে এই জেলা থেকে। বিচারাধীন থেকে বাদ পড়েছে ৩ লক্ষ ২০ হাজার ২৩৪ জনের নাম। আর খসড়া তালিকায় মৃত ও স্থানান্তর হিসাবে বাদ গিয়েছে ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম। সব মিলিয়ে বাদ গিয়েছে ৮ লক্ষ ১২ হাজারের বেশি ভোটারের নাম।