• ৪০ দিনের আগে মিলবে না রান্নার গ্যাস, ভোট মিটতেই রাজ্যের সিলিন্ডারের জোগানে কোপ কেন্দ্রের
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বারাসতের বাসিন্দা অমিয়ভূষণ মজুমদার। তিনি শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর ২৫ দিন অপেক্ষা করে পরের সিলিন্ডার বুকিং করেছিলেন গত মাসে। গ্যাসের অফিসে খোঁজ নিয়ে জেনেছিলেন, বুকিংয়ের পাঁচ থেকে ছ’দিনের মাথায় সিলিন্ডার মিলবে। নিশ্চিন্তে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সাতদিন পর তাঁর কাছে এসএমএস এসেছে, এখনই তিনি সিলিন্ডার পাবেন না! সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়েছে, এই বিলম্বের জন্য তারা দুঃখিত। সিলিন্ডারের জন্য আরও দিন পাঁচেক অপেক্ষা করতে হবে। অর্থাৎ শেষবার সিলিন্ডার পাওয়ার পর পরেরটির জন্য প্রায় ৪০ দিন অপেক্ষা করতে হবে তাঁকে। 

    অমিয়বাবু একা নন। পশ্চিমবঙ্গের হাজার হাজার গ্রাহক এমন এসএমএস পাচ্ছেন। যার অর্থ, এ রাজ্যে বিধানসভার ভোটদান পর্ব মিটতেই স্বমহিমায় ফিরেছে কেন্দ্রের মোদি সরকার! তেল সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটররা এতদিন যে সংখ্যক সিলিন্ডার পাচ্ছিলেন, মে মাস থেকে তার ৩২ শতাংশই ছেঁটে ফেলা হয়েছে। অর্থাৎ যে ডিস্ট্রিবিউটর তাঁর গ্রাহকদের ডেলিভারি দেওয়ার জন্য মাসে ১০ হাজার সিলিন্ডার তুলতেন, চলতি মাসে তাঁকে ৬ হাজার ৮০০ সিলিন্ডার দেওয়া হবে। সূত্রের খবর, এর ফলে চলতি মাসে রাজ্যে স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৫ লক্ষ সিলিন্ডারের জোগান কম হবে। ফলে বুকিং হয়ে থাকলেও সিলিন্ডার ডেলিভারি পেতে কালঘাম ছুটবে রাজ্যবাসীর।

    গত মাসেই ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁরা তাঁদের বরাদ্দের থেকে কুড়ি শতাংশ কম সিলিন্ডার পাবেন। ২৯ এপ্রিল শেষ পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বাংলায়। তারপরই এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছিল ডিস্ট্রিবিউটরদের। তবে চলতি মাসের গোড়ায় তাঁদের জানানো হয়, ২০ নয়, ৩২ শতাংশ কম সিলিন্ডার মিলবে। এই সিদ্ধান্তে গ্রাহকদের বড়ো অংশই যে চরম বিপাকে পড়বে, বলার অপেক্ষা রাখে না। কারণ, শহরাঞ্চলে সিলিন্ডার ডেলিভারির ২৫ দিন পর বুকিং করা যাচ্ছে। গ্রামাঞ্চলে এই সময়সীমা ৪৫ দিনের। এই সময়ের পর যদি গ্রাহক সিলিন্ডার বুকিং করেন, তাহলে ডেলিভারি পেতে অন্তত ১২ থেকে ১৫ দিন সময় লাগবে। অর্থাৎ শহরে প্রায় ৪০ দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেই অপেক্ষা প্রায় দু’মাসের। 

    উল্লেখ্য, গৃহস্থের রান্নার গ্যাসের জোগান নিয়ে এত টানাটানির পরেও  বাজারে পাঁচ কেজি ওজনের ‘ফ্রি ট্রেড’ সিলিন্ডারের কোনো অভাব নেই। গ্রাহক চাইলেই তা যত খুশি কিনতে পারেন। তবে কলকাতায় গৃহস্থের ১৪.২ কেজি সিলিন্ডারের দর যেখানে ৯৩৯ টাকা, সেখানে ৫ কেজির ‘ফ্রি ট্রেড’  সিলিন্ডারের দাম ৮৪৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ চড়া দর দিতে পারলে রান্নার গ্যাস মিলে যাবে। অন্যথায় ভুগতে হবে। এমনিতেই বাণিজ্যিক সিলিন্ডারের দর চলতি মাসে এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে ৩ হাজার ২০২ টাকা হয়েছে। এর ফলে হোটেল, রেস্তরাঁ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। এবার কি যেকোনো দিন গৃহস্থের সিলিন্ডারের দামও একইভাবে  বাড়িয়ে দেবে কেন্দ্র? আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে আম জনতা। 
  • Link to this news (বর্তমান)