• জয় নিশ্চিত, পরের লক্ষ্য দিল্লি: মমতা
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘লড়ছে বাংলা, জিতবে বাংলা। গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে যাঁরা বাংলার মানুষের চোখের জল ফেলেছে, আজ ওরা জবাব পাবেই।’— বিজেপির পরাজয়ের ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অভ্যন্তরীণ বৈঠকে ফের এই বার্তাই দলীয় কর্মীদের দিয়ে রাখলেন তিনি। আর স্পষ্ট করে দিলেন, চতুর্থবার সরকার গঠনের পর দিল্লির মসনদ থেকে বিজেপিকে হটাতে আজ থেকেই নতুন লড়াই শুরু করছেন বাংলার অগ্নিকন্যা। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বাংলা জয়ের পরের লক্ষ্য দিল্লি। 

    আজ, সোমবার বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তৃণমূল দাবি করেছে, ২০০-র বেশি আসন নিয়ে তারাই ফের সরকার গঠন করছে। তার সিলমোহর আজ সময়ের অপেক্ষা। ভোটগণনার অন্তিম লড়াইয়ে। তৃণমূলের আশঙ্কা, ভোট চুরি, ইভিএম কারচুপির চেষ্টা মরিয়া হয়ে চালাবে বিজেপি। সেই কারণে তৃণমূলের প্রার্থী ও গণনাকেন্দ্রে যাওয়া কাউন্টিং এজেন্টদের প্রতি একাধিক নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি রাজ্যের সব প্রান্তের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। আর রবিবার ছিল ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূলের কাউন্সিলার ও কাউন্টিং এজেন্টদের সঙ্গে পর্যালোচনা। সূত্রের খবর, বৈঠকে মমতা বলেছেন, ‘লোডশেডিং করানো, ইভিএমে বদল আনার চেষ্টা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে। এছাড়াও তৃণমূলের প্রাপ্ত ভোটের হিসাবে গরমিলের চেষ্টা কেউ করছে কি না, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে।’ মমতার সতর্কবার্তা, আধাসেনা দিয়ে কর্মীদের ভয় দেখানো হতে পারে। এমনকি বিজেপি প্রভাবিত এলাকার বুথগুলি আগে গণনা করে এবং বারবার কাউন্টিং করিয়ে গোটা প্রক্রিয়া ধীর করে দেওয়া হতে পারে। কাজেই, ধৈর্য ধরতে হবে। মমতার বার্তা, ‘জিতছি আমরাই। শেষ পর্যন্ত লড়ে জয় ছিনিয়ে আনতে হবে।’ 

    ২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ তৃণমূলের। আজ, গণনার দিন কেন্দ্রীয় বাহিনী যদি কোথাও জোরজুলুম করে, কাউন্টিং এজেন্টদের বসতে বাধা দেয়, তাহলে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাজ্যস্তরে যেমন কন্ট্রোল রুম থাকবে, তেমনই জেলায় জেলায় ওয়ার রুম ভোর সাড়ে ৫টা থেকে খুলে ফেলতে হবে। আর প্রত্যেকটি গণনাকেন্দ্রের ২০০ মিটারের বাইরে তৃণমূলের ছাত্র-যুব-মহিলাদের জমায়েত থাকবে। তৃণমূলের লক্ষ্য, আজ বাংলা জয়ের পর দেশের রাজধানীর বুকে পা ফেলা। ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রী বলেছেন, বাংলার বিধানসভা নির্বাচনে আজ বিজেপির পরাজয় হচ্ছেই। আমরা জিতছিই। এরপর আমাদের লক্ষ্য দিল্লির মসনদ থেকে বিজেপির জমিদারদের সরানো। আর সেটা আমরা করবই। বাংলাই পথ দেখাবে।
  • Link to this news (বর্তমান)