মোট বিধানসভা কেন্দ্র ২৯৪। ৪ মে গণনা হবে ২৯৩ (বাদ ফলতা)। মোট গণনাকেন্দ্র ৭৭জেলা সদরে ৩৫, মহকুমা সদরে ৪২। মোট প্রার্থী ৩০২০ (ফলতা ছাড়া)। গণনা শুরু সকাল ৮টা।
প্রতি গণনা কেন্দ্রে সর্বাধিক ২০টি টেবিল বসানো হবে। আয়তনে বড় ১৬৫টি বিধানসভা কেন্দ্রের গণনার কাজ দু'টি ঘরে হবে। সব মিলিয়ে ৪৫৯টি ঘরে গণনার কাজ চলবে। বুথের সংখ্যার নিরিখে ১২ থেকে ২৩ রাউন্ড পর্যন্ত গণনা।
প্রথমে আলাদা ঘরে শুরু হবে পোস্টাল ব্যালট। তার ৩০ মিনিট পরে শুরু হবে ইভিএম-কাউন্টিং। ইভিএমের গণনা দু'রাউন্ড বাকি থাকতে বাধ্যতামূলক ভাবে শেষ করতে হবে পোস্টাল ব্যালট গণনার কাজ। অর্থাৎ, কোনও কেন্দ্রে মোট ১২ রাউন্ড গণনা হলে ১০ তম রাউন্ডের মধ্যে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। তা না-হলে ১১-১২ রাউন্ডের গণনা শুরু করা যাবে না।
গণনাকেন্দ্রের ২০০ মিটার দূরত্ব পর্যন্ত বিএনএসএস-এর ১৬৩ ধারা (পূর্বতন সিআরপিসি ১৪৪ ধারা) বলবৎ থাকবে। সেখানে কোনও বেআইনি জমায়েত চলবে না।
কাউন্টিং সেন্টারের নিরাপত্তায় সব মিলিয়ে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের চৌহদ্দিতে তিনটি নিরাপত্তা স্তর থাকছে। প্রথমে থাকবে রাজ্য বা কলকাতা পুলিশ। তার পরের দু'টি স্তরে কেন্দ্রীয় বাহিনী।
প্রথম দু'টি স্তরে শুধু পরিচয়পত্র দেখা হবে। শেষ স্তরে অর্থাৎ গণনাকক্ষে প্রবেশের আগে পরিচয়পত্রের কিউআর কোড যাচাই করা হবে। শুধুমাত্র আর ও, অবজ়ার্ভাররা ছাড়া কাউন্টিং সেন্টারে কেউ মোবাইল নিয়ে যেতে পারবেন না।
সব মিলিয়ে ৪৩২ অবজার্ভার। প্রতি কেন্দ্রের অন্তত ৫% ইভিএম এবং তার সঙ্গে রাখা ভিভিপ্যাট কাউন্টিং মেলাতে হবে। কোথাও ইভিএম বিকল হলে সেটির সঙ্গে রাখা ভিভিপ্যাটের কাউন্টিংই চূড়ান্ত বলে গণ্য হবে। বেলা ১২টার পরে রেজাল্টের প্রাথমিক ট্রেন্ড মিলতে পারে।