এই সময়, বারাসত: ভোটের দিন বুধবার থেকেই স্ট্রংরুমে তালাবন্দি অবস্থায় রয়েছে ইভিএম। আজ, সোমবার গোটা রাজ্যের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার মোট ৩৫৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তার আগে জেলার আটটি স্ট্রংরুম কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। স্ট্রংরুমের বাইরে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি কাউন্টিং সেন্টারেই ত্রিস্তরীয় নিরাপত্তা। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। সোমবার সকালে খোলা হবে স্ট্রংরুম।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার উত্তর ২৪ পরগনায় ভোটগণনার জন্য আটটি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে বারাসত, বনগাঁ, বসিরহাট, বিধাননগর এবং ব্যারাকপুরে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের গণনা হবে ১৬টি ধাপে। বারাসত, হাবরা, অশোকনগর এবং দেগঙ্গার জন্য কাউন্টিং সেন্টার করা হয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজে। বারাসত গভর্নমেন্ট হাইস্কুলে হবে মধ্যমগ্রাম এবং আমডাঙা বিধানসভার গণনা। অন্যদিকে, মতুয়াগড়ের চার কেন্দ্র বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ এবং গাইঘাটার ভোট গণনা হবে বনগাঁর দীনবন্ধু কলেজে।
বসিরহাট হাইস্কুলে গণনা হবে স্বরূপনগর এবং বসিরহাট দক্ষিণ কেন্দ্রের। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ, বাদুড়িয়া এবং বসিরহাট উত্তরের গণনা হবে ভ্যাবলা পলিটেকনিক কলেজে। ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা হবে জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর এবং বীজপুর কেন্দ্রের। আর পানিহাটির গুরুনানক কলেজে গণনা হবে পানিহাটি, খড়দহ, বরাহনগর, কামারহাটি, উত্তর দমদম এবং দমদম কেন্দ্রের।
এ দিন বনগাঁ এবং বারাসতের কাউন্টিং সেন্টারে গিয়ে দেখা গেল, স্ট্রংরুমগুলির নিরাপত্তায় রাখা হয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা। প্রতিটি স্ট্রংরুমের গেট বিশেষ গালা দিয়ে সিল করা হয়েছে। স্ট্রংরুমের বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্ট্রংরুমের গালা সিল নিয়মিত পরীক্ষা করছেন জওয়ানরা। ২৪ ঘণ্টা তাঁরা নজর রাখছেন পুরো এলাকায়। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেক্টর অফিসাররা এসে খতিয়ে দেখছেন পরিস্থিতি। প্রশাসনের দাবি, নিরাপত্তার প্রতিটি স্তর এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনও ভাবে বহিরাগতের প্রবেশ না ঘটে। এ ছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি।
কাউন্টিং সেন্টারের চত্বরেও রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বাঁশের ব্যারিকেড এবং গার্ডরেল দিয়ে যাতায়াতের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রতিটি কাউন্টিং সেন্টারের মূল গেট থেকে ২০০ মিটারের মধ্যে অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ বা জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বৈধ পাস বা পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলছে। প্রার্থীদের কাউন্টিং এজেন্ট এবং মুখ্য পোলিং এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে সিসিটিভি মনিটরিং ইউনিট পর্যন্ত প্রবেশ করতে পারছেন।
বারাসত এবং বনগাঁ মহকুমার ১০টি বিধানসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে দু'দিন আগেই বৈঠক করেছেন অবজার্ভাররা। প্রতিটি বিধানসভার গণনায় স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মাইক্রো অবজার্ভাররা। প্রার্থী এবং তাঁদের এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে গণনা কেন্দ্রে প্রবেশ করে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন।
জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, 'প্রতিটি গণনাকেন্দ্রের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।'