ভোটগণনায় এ বার স্লো ট্রেন্ডিং দেখা যাবে বলে জল্পনা তৈরি হয়েছিল। অর্থাৎ, প্রাথমিক আভাস পেতে সময় লাগতে পারে বলে দাবি করছিল বিভিন্ন। কিন্তু সেই দাবি উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সোমবার ভোটগণনা শুরু হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘স্লো ট্রেন্ডিং হবে, এটা এখন থেকে বলা যাবে না। রিটার্নিং অফিসারেরা যত টেবিল চেয়েছিলেন, তত টেবিলই দেওয়া হয়েছে।’
ভোটগণনার আগের রাতে রাজ্যের নানা জায়গায় স্ট্রংরুমের সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়েও মুখ খুলেছেন সুব্রত। তিনি বলেন, ‘প্রতিটি অভিযোগ দেখা হয়েছে। কোথাও কোথাও ক্যামেরা ৫-১০ মিনিটের জন্য অফ হয়েছে। যান্ত্রিক কারণে। এক জায়গায় দেখলাম যে স্লিপ মোডে চলে গিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ওখানে পৌঁছে রিসেট করে দিয়েছে।’ সুব্রত জানিয়ে দিয়েছেন, সোমবার কোনও বিজয় মিছিলগ করা যাবে না।
সোমবার সকাল ৮টা থেকে রাজ্যে ভোটগণনা শুরু হয়েছে। কিন্তু অনেক জায়গা থেকেই অভিযোগ এসেছে যে, ভোটগণনা সময় মতো শুরু করা যায়নি। কাউন্টিং এজেন্টরাই এসে পৌঁছতে পারেননি। তার প্রেক্ষিতে সুব্রত বলেন, ‘রিপোর্ট আমরা সব জায়গা থেকেই পাচ্ছি। যে হেতু নিরাপত্তা ব্যবস্থায় খুব কড়াকড়ি করা হয়েছে, সেই জন্য কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে একটু সময় লাগছে। কিন্তু হয়ে গেছে সব আসতে আসতে।’