ভোটগণনার মধ্যেই কলকাতায় কালবৈশাখীর শঙ্কা, জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি
আজ তক | ০৪ মে ২০২৬
কলকাতা-সহ রাজ্যজুড়ে আজ অন্যরকম 'তাপমাত্রা' বিরাজ করছে। রাজ্যে চলছে ভোটগণনা। ফলে এই উত্তাপের আবহে আবহাওয়া অফিস কী বলছে, দেখে নেওয়া যাক।
শহর কলকাতায় আজ ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে IMD।
কলকাতায় আজকের আবহাওয়া কেমন রয়েছে? দেখে নেওয়া যাক
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার কী পরিস্থিতি?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। IMD-র দেওয়া তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে উত্তর ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হতে পারে। মালদা জেলায় এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিমি হতে পারে।