এই সময়, ধূপগুড়ি: আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার ২৪ ঘণ্টা আগে বন্ধ করে দেওয়া হলো তিন আন্তর্জাতিক সীমান্ত। ভারতের সঙ্গে ভুটান ও বাংলাদেশ (একাংশ) সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। এ জন্য সীমান্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
বানারহাটের কালচিনি-ভুটান সীমান্তের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে জয়গাঁ-ভুটান সীমান্ত, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জলপাইগুড়ি জেলাশাসক সন্দীপকুমার ঘোষের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে। ভ্রমণরত ভিসা নিয়ে যাঁরা ফিরে আসবেন তাঁদের বাইরে সকলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অন্যদিকে, ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৩ মে সকাল ৬টা থেকে ৫ মে সকাল ৬টা পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের জেরে চামুর্চি ভুটান গেট ও আলিপুরদুয়ার জেলার জয়গাঁও-ভুটান সীমান্ত গেট- সহ জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী আন্তর্জাতিক গেট দিয়ে যাতায়াত বন্ধ থাকবে।
সীমান্ত দিয়ে বাণিজ্যিক পরিবহণও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ভুটান সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির প্রভাব ভুটানের উপরে যাতে না পড়ে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামুর্চি এলাকার বাসিন্দা বিধান সরকার বলেন, 'ভোট গণনার কারণে ভুটান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেট বন্ধ থাকায় ব্যবসায় কিছুটা প্রভাব পড়বে। কারণ এই এলাকার বহু ব্যবসায়ী ভুটানের নাগরিকদের উপরে নির্ভরশীল। ভুটান থেকে অনেকেই কেনাকাটা করতে এই বাজারে আসেন।'
এলাকার আর এক বাসিন্দা আরিফ আনসারি বলেন, 'পর্যটকদের যাতায়াত বন্ধ করার পাশাপাশি ব্যবসায়িক গাড়ির চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে যাতে না পারে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'