২৯৩টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। তবে এখনও পর্যন্ত ৭০টি আসনের কোনও ট্রেন্ড দেখানো হচ্ছে না বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই খুব 'স্লো কাউন্টিং' করা হচ্ছে বলে দাবি করেছিল তৃণমূল। প্রাথমিক ভাবে, দীর্ঘক্ষণ ধরে ব্যালট গোনা হয়েছে বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। এর পরেও কমিশনের সাইটে ২২৩টি আসনের ট্রেন্ড দেখানো হলেও বাকি ৭০টি আসনে কেন ট্রেন্ড দেখানো হচ্ছে না, সেই ব্যাপারে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি নিয়ে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি।
তৃণমূলের তরফে একটি বার্তায় বলা হয়েছে, ‘কমিশন ৭০টি আসনে কোনও ট্রেন্ড দেখানো হচ্ছে না। আমরা চাই, এই ৭০টি আসনের ট্রেন্ড এখনই দেখানো হোক।’ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডলে বলেন, ‘২৯৩টির আসনের সব ক'টির ট্রেন্ড দেখানো হচ্ছে না। এখনও পর্যন্ত ৭০টি আসনের ট্রেন্ড দেখানো হয়নি। নির্বাচন কমিশনের কাছে আবেদন সব আসনের ট্রেন্ড দেখানো হোক।’
যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত ২৫৩টি আসনের ট্রেন্ড দেখানো হচ্ছে। যার মধ্যে ১৬৭টি আসনে এগিয়ে বিজেপি, ৮২টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজিপিএম, এজেইউপি ১টি, সিপিআইএম ১টি এবং আইএসএফ ১টি আসনে এগিয়ে রয়েছে।
তৃণমূলের বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশনের এখনই ২৯৩টি আসনের ট্রেন্ড প্রকাশ করা উচিত। সেটা কমিশন করছে না। কেন করছে না সেটা আমরা জানতে চাই।’