সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে ১৮১টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ৯২টিতে। সিপিএম ১টি, AJUP ২টি, BGPM ১টিতে এগিয়ে। অর্থাৎ ২৭৭টি আসনের ট্রেন্ড এখনও অবধি সামনে এসেছে। কমিশন সূত্রে যে ভোট শতাংশের ট্রেন্ড সামনে আসছে, তাতে বিজেপি ৪৪.৮১ শতাংশ, তৃণমূল ৪১.৫৩ শতাংশ। এখনও অবধি পাওয়া হিসেবে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি।
ট্রেন্ড সামনে আসার পরেই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে স্লো কাউন্টিংয়ের। উত্তর দমদমের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘দেখা যাচ্ছে কোথাও কোথাও ২-৩ রাউন্ড গণনা হয়েছে। কোথাও কোথাও তা-ও হয়নি। এই দেরির কারণ জানতে চাই। এই ট্রেন্ড রিলিজ় করছে না কমিশন।’
যদিও বিজেপি জয় নিয়ে আত্মবিশ্বাসী। হাতে পদ্ম, মাথায় পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবি, ২০০ পার হবে বিজেপির। যদিও গণনা এখনও অনেকটাই বাকি। তাই এখনই কোনও সিদ্ধান্তে আসতে নারাজ তৃণমূল।