গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না, দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। কর্মীদের নিশ্চিন্তে থাকার বার্তা দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দু'-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু'-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR-এর নাম করে যে সব আসন জিততে পারে, সেই সব দখল করেছে। এখনও আমরা যে সব আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।’
কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, ‘আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টকে বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ‘ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।’