পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মেটাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না সেই বিষয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজ্যে আজ চলছে বিধানসভা নির্বাচনের গণনা। এর মধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যে ভোট পরবর্তী হিংসা মেটাতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে কি না সেই নিয়ে কোনও নির্দেশ দেবে না শীর্ষ কোর্ট।
‘সনাতন সংস্থা’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ভি গিরি সুপ্রিম কোর্টে মামলা করেন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। রাজ্যে ভোট পরবর্তী হিংসা দমনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানান ওই আইনজীবী। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে একাধিক জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছিল সেই সব ঘটনারও উল্লেখ করেন তিনি।
আইনজীবী আদালতে জানান, গত বিধানসভা নির্বাচনের পরে বাংলায় ব্যাপক হিংসা হয়েছিল। সেই সময়ে তাঁরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠনের আবেদন করেছিলেন। তাঁর দাবি, রাজ্যে ভোটগণনা শেষ হলেই ECI-এর ক্ষমতা শেষ হয়ে যাবে। ECI-এর তরফে আইনজীবী দামা শেষাদ্রি নাইডুও ভি গিরির মতকে সমর্থন করে জানান ভোটগণনা শেষ হয়ে গেলেই ECI-এর আর কিছু করার থাকবে না।
সুপ্রিম কোর্ট জানায়, ভোট পরবর্তী হিংসা মেটানোর জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না সেই বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হবে না। মামলাকারীকে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে হবে।