• গণনাকেন্দ্রে তৃণাঙ্কুর-সুবোধকে মারধরের অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের
    এই সময় | ০৪ মে ২০২৬
  • দুপুর গড়াতেই তুমুল অশান্তি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে। নোয়াপাড়া ও বীজপুরের দুই প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সুবোধ অধিকারীর উপরে হামলার অভিযোগ। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। জেলাশাসক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

    অভিযোগ, এ দিন প্রাথমিক ট্রেন্ডে বিজেপির পালে হাওয়া ঘুরতেই তুলকালাম শুরু হয় ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে। এখানে গণনা চলছে নৈহাটি, বীজপুর, জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর, নোয়াপাড়া ও আমডাঙা বিধানসভা কেন্দ্রের।

    গণনাকেন্দ্রের ভিতরে ছিলেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। সুবোধের অভিযোগ, তাঁকে মারধর করা হয় গণনাকেন্দ্রের ভিতরে। এমনকী এমন পরিস্থিতি হয় যে, তিনি বেরিয়ে যান গণনাকেন্দ্র থেকে।

    অন্যদিকে নোয়াপাড়ার প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যেই বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। একেবারে পিছন থেকে শার্ট টেনে ধরে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।

  • Link to this news (এই সময়)