'শেষ পর্যন্ত আমরাই জিতব', BJP এগিয়ে থাকলেও জয় নিয়ে এখনও আশাবাদী মমতা
আজ তক | ০৪ মে ২০২৬
BJP-র এগিয়ে যাওয়ার ট্রেন্ড সামনে আসছে। তার মধ্যেই তৃণমূল কর্মীদের বড়বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার অভিযোগ, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। কোনও কোনও জায়গায় কাউন্টিং বন্ধ হয়ে গিয়েছে। এই কাউন্টিংয়ের মধ্যেও চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।
মমতা তাঁর ভিডিওবার্তায় বলেন, 'সবাইকে নমস্কার জানিয়ে বলছি,কাউন্টিং এজেন্টরা নিজেদের এলাকা ছেড়ে আসবেন না। সবাই সেন্টারে থাকুন। পুরোটাই বিজেপির প্ল্যান। আমি কাল থেকে বলছি এটা ওদের পরিকল্পনা। আগে ওদেরগুলো দেখাবে, পরে আমাদের। এবং অনেক জায়গায় ২-৩ রাউন্ড পরে কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে EVM-এর মিল পাওয়া যাচ্ছে না।'
মমতা আরও বলেন,'সবটাই কেন্দ্রের চক্রান্ত। বাহিনী অত্যাচার করছে। কোনও কোনও জায়গায় পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। জোর করে দখল করছে। SIR-এর নামে ভোট লুট করেছে। সবটাই মিথ্যা খবর দেওয়া হচ্ছে। কমিশন নিজের মতো খেলছে। পুলিশ মাথানত করেছে। আমি আপনাদের বলেছিলাম, সন্ধের পর থেকে আমরা এগোব। অত মন খারাপ করবেন না। ১৪ থেকে ১৮ রাউন্ডে জিতবেন। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব আমরা।'