• সরকারি নথি রক্ষায় তৎপর কমিশন নবান্ন সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কিউআরটি মোতায়েন
    দৈনিক স্টেটসম্যান | ০৪ মে ২০২৬
  • নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতা দেখা গেল। সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলতেই রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি নথি সুরক্ষায় সক্রিয় হয়ে উঠল নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কিউআরটি (কুইক রেসপন্স টিম) পাঠানো হয়েছে।

    রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন-সহ মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন এবং খাদ্য ভবনে এই বিশেষ দল মোতায়েন করা হয়েছে। মূল উদ্দেশ্য–গুরুত্বপূর্ণ সরকারি ফাইল ও নথিপত্র যাতে কোনোভাবেই নষ্ট বা বিকৃত না হয়, তা নিশ্চিত করা।

    রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই তৎপরতার পেছনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্য। তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি ফাইল খতিয়ে দেখা হবে। সেই প্রেক্ষিতেই নথিপত্র সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে ধারণা।

    এদিকে, নবান্নের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভবনের চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনোরকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। প্রশাসনের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতের সম্ভাব্য তদন্তের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফল ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে সতর্কতার এই চিত্র রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বকেই আরও স্পষ্ট করে তুলছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)