• তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী বিজয়? শতাধিক আসনে এগিয়ে টিভিকে, তৃতীয় স্থানে ডিএমকে!
    প্রতিদিন | ০৪ মে ২০২৬
  • তামিলনাড়ুতে (Tamil Nadu) ১০৬টি আসনে এগিয়ে থলপতি বিজয়ের দল টিভিকে। রক্তক্ষরণ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর। এখনও অবধি গণনায় দেখা যাচ্ছে, তৃতীয় স্থানে চলে গিয়েছে এম কে স্ট্যালিনের দল। ৪০টি আসনে এগিয়ে তারা। দ্বিতীয় স্থানে এডিএমকে। তারা এগিয়ে ৭২টি আসনে। তামিলভূমে পরবর্তী মুখ্যমন্ত্রী কি হতে চলেছেন বিজয়? এই নিয়েই জল্পনা চলছে।

    টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়। এদিকে পরপর তিন রাউন্ড গণনার পর কোলাথুর আসনে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন। কিন্তু এবারের ফল দেখে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে ডিএমকে কর্মী সমর্থকরা। অন্যদিকে, বিজয়ের বাড়ির সামনে ইতিমধ্যেই উল্লাস শুরু করে দিয়েছেন টিভিকে কর্মী সমর্থকরা।

    এক্সিট পোলের পূর্বাভাসে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর মধ্যে তামিলনাড়ুর চিরাচরিত দ্বিদলীয় লড়াই থেকে এবার তৃতীয় শক্তির অর্থাৎ টিভিকে-র দ্রুত উত্থানের ইঙ্গিত মিলেছিল। টুডেস চাণক্য এগজিট পোল জানিয়েছিল, টিভিকে প্রায় ৩০ শতাংশ ভোট নিয়ে ৬৩টি আসনে জয়লাভ করতে পারে, যা ডিএমকে-নেতৃত্বাধীন জোটের পিছনে একটি নির্ণায়ক তৃতীয় শক্তি হিসাবে তাদের তুলে আনতে পারে। কিন্তু সোমবার ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, তামিলভূমে অনেকটা এগিয়ে টিভিকে।
  • Link to this news (প্রতিদিন)