ফলপ্রকাশের আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আসানসোল, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
প্রতিদিন | ০৪ মে ২০২৬
২৬ এর নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত! আর এরপরেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্যাম্পে থাকা তৃণমূল নেতা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে অভিযোগ। ঘটনায় আহত বেশ কয়েকজন। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। যা নিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার নেয়। ইতিমধ্যে ঘটনার দিকে কড়া নজর রাখছে কমিশন। কড়া হাতে বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৯৫টি আসনে। বাম জোট ৩টে এবং অন্যান্য ২টি আসনে এগিয়ে রয়েছে। তেমনই আসানসোল-সহ জেলার একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই ট্রেন্ড সামনে আসতেই বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস সামনে আসছে। জানা যায়, এদিন বিজেপি কর্মীরা তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জয় শ্রী রাম স্লোগানের নামে লাগাতার স্লোগান দেন। পালটা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক বচসার পরিস্থিতি তৈরি হয়। বচসা থেকে মারপিট, শুরু হয় ভাঙচুর। অভিযোগ, বিজেপির কর্মীরা ক্যাম্পে ঢুকে পড়ে। তৃণমূলের ওপর হামলা চালায়। ক্যাম্প ভাঙচুর হয়। এই অবস্থায় পুলিশ ও আধা সামরিক বাহিনী এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আক্রান্ত এক তৃণমূল কর্মীর অভিযোগ, হঠাৎ করেই ক্যাম্পে ঢুকে এই হামলা চালানো হয়েছে। জয় শ্রী রাম স্লোগান তুলে এই হামলা হয়েছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামিদিনে কী হবে তা ভেবেই আতঙ্কিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব।