‘সূর্যাস্তের পরই জিতবেন, মনখারাপ নয়’, প্রাথমিক ট্রেন্ড দেখে ‘ভোকাল টনিক’ মমতার
প্রতিদিন | ০৪ মে ২০২৬
ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তারই মাঝে ভিডিও বার্তায় দলীয় কর্মী-সমর্থকদের ‘ভোকাল টনিক’ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভোটগণনা কেন্দ্র থেকে হতাশ হয়ে তৃণমূল কর্মীদের ফিরে না আসার বার্তা দিলেন তিনি। আত্মবিশ্বাসী মমতার বার্তা, “সূর্যাস্তের পরই তৃণমূল জিতবে।”
মমতা বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থীরা ভোটগণনা কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করছে। জোর করে কার্যালয় দখল করছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুট করেছে।”
‘আত্মবিশ্বাসী’ মমতা আরও বলেন, “এখনও প্রায় ১০০টার মতো আসন আছে যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না। মিথ্যা খবর রটাচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। তাকে গতকাল বদলি করে দিয়েছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে বাহিনীকে সঙ্গে নিয়ে। পুলিশও কমিশনের হয়ে কাজ করছে।” দলীয় কর্মীদের উদ্দেশে মমতার ‘ভোকাল টনিক’, “আমাদের দলীয় কর্মীদের বলব, মনখারাপ করার কিছু নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আমরা জিতব। দু-চার রাউন্ড গণনা হয়েছে। ১৭-১৮ রাউন্ড গণনা হয়। তখন আপনার জিতবেন। অপেক্ষা করুন। দেখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনার কেউ ভয় পাবেন না। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”
ভোটপ্রচারের শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটেও বারবার কারচুপির অভিযোগ তোলেন। ভোটগণনার দিনও প্রথম থেকে বিজেপির বিপুল এগিয়ে থাকার কথা বলে দলীয় কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হতে পারে, সে আশঙ্কা প্রকাশও করেছিলেন তিনি। মমতার দাবি, সে-ই আশঙ্কাই যেন সত্যি প্রমাণিত হল। এর আগে রবিবার গভীর রাতে সোশাল মিডিয়ায় ‘লোডশেডিং তত্ত্বে’ সরব হন তৃণমূলনেত্রী।