• পশ্চিম বর্ধমানে ভোট পরবর্তী সন্ত্রাস শুরু? জেলা জুড়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর-আগুন, কাঠগড়ায় বিজেপি
    এই সময় | ০৪ মে ২০২৬
  • গণনা শেষ হয়নি এখনও। তার আগেই শুরু হয়ে গেল ‘ভোট পরবর্তী সন্ত্রাস’ (Post Poll Violence)? পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় তৃণমূল কার্যালয় (TMC Party Office) ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার বিকেলে জামুড়িয়া, বারাবনি, কেন্দ্রা থেকে মিলছে এমনই খবর। শুধু তাই নয়, বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। প্রত্যেক ক্ষেত্রেই বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে।

    পশ্চিম বর্ধমানে ৯টি কেন্দ্র। বিকেল ৬টা পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ৯-০-তে এগিয়ে রয়েছে বিজেপি। কার্যত খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তৃণমূল। অভিযোগ, পুরো জেলায় ‘জয়ের’ ইঙ্গিত মিলতেই বাঁশ, লাঠি হাতে বেরিয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। শুরু হয় ভাঙচুর। ঘটনার একাধিক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

    জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, আচমকাই লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে ঢুকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। টেনে টেনে বাইরে ফেলে দেয় চেয়ার, টেবিল। তৃণমূলের পোস্টার, ব্যানার ছিঁড়ে গোটা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে গোটা কার্যালয়। সামনে স্তূপাকার হয়ে পড়ে রয়েছে ভাঙা চেয়ার-টেবিল।

    একই ভাবে কেন্দ্রাতেও তৃণমূলের একটি দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বারাবনির পার্টি অফিসেও। শুধু তাই নয়, বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের বাড়িতেও ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

    ভাঙচুরের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন জামুড়িয়ার তৃণমূল নেতা সুব্রত অধিকারী। তিনি বলেন, ‘বিজেপি কর্মীরা আমাদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে।’ তবে জামুড়িয়ার সদ্যজয়ী বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় বলেন, ‘আমরা কোনও ভাবেই এমন ঘটনা সমর্থন করি না। কর্মীদের অনুরোধ করব, যেন এমন ঘটনা না ঘটে।’

  • Link to this news (এই সময়)