‘২৫শে বৈশাখ খুব বেশি দূরে নয়,’ বাংলায় ৯ তারিখেই শপথ নেবে নতুন সরকার? বিজয় সম্ভাষণে ইঙ্গিত মোদির
News18 বাংলা | ০৪ মে ২০২৬
নয়াদিল্লি: বঙ্গে ২০০-রও বেশি আসনে জয়ের ইঙ্গিত রয়েছে বিজেপির৷ বিদায়ী শাসকদল তৃণমূল আটকে গিয়েছে ৮১টি আসনে৷ পরাজিত হয়েছেন, তৃণমূলের বিদায়ী মন্ত্রিসভার একাধিক মন্ত্রীও৷ এরই মাঝে বিজেপির বঙ্গ জয়ের পরে সম্ভাব্য মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত সম্পর্কে আভাস দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজয় সম্ভাষনের মঞ্চ থেকে দিলেন আরও এক ইঙ্গিত৷
নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন একটি যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস এবং নতুন উদ্যম পায়ে পায়ে চলবে। আমি আজ সব বাংলাবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন রাত এক করে দেবে। বাংলায় মহিলারা সুরক্ষা পাবেন। যুবারা কাজ পাবেন। প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সংকেত দেখানো হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’
এরপরেই মোদি শপথগ্রহণের দিন সম্পর্কেও ইঙ্গিত দেন৷ বলেন, ‘‘আমরা আজ গুরুদেব ঠাকুরকেও মনে করছি। ২৫শে বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার সূত্রপাত৷’’
মোদি জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন সেটা পুরণের জন্য কয়েক দশক অপেক্ষা করতে হয়েছে বিজেপিকে। বলেন, ‘‘ভাজপার কার্যকতা হিসেবে আমার মনে বারবার একটাই কথা ঘুরে ফিরে আসছে— আজ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা কত শান্তি পাচ্ছে বাংলার ভাগ্যে আজ থেকে নতুন অধ্যায় যুক্ত হল।’’ তাঁর দাবি, ‘‘বাংলা ভয়মুক্ত হল। উন্নয়নের পথে পা বাড়াল ৷ বাংলায় পরিবর্তন হয়ে গেছে৷ ’’