নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের পরে যাতে ভোট পরবর্তী হিংসা না ছড়ায় তার জন্য ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে থাকবে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক মনোজকুমার আগরওয়াল। CEO বলেন, ‘সাত কোটি লোক ভোট দিয়েছেন। বাংলার মানুষ রক্ত চায়নি। রাজ্যের নাম বদনাম করতে চায়নি। তাই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’
এ দিন বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের CEO জানান, ৬ তারিখ পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট থাকছে। এর পরে নতুন প্রশাসনের হাতে দায়িত্ব দেওয়া হবে।
কালীগঞ্জের বিজয় মিছিল থেকে নাবালিকার মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য। নির্বাচন প্রক্রিয়া সঠিক ভাবে সম্পূর্ণ হলেও বিজয় মিছিলের জন্য নাবালিকার মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আরও অবিচল হয়েছিল কমিশন বলে এ দিন জানান মনোজ। অশান্তি রুখতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সক্রিয়তার উপর বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছিল বলে কমিশন।
উল্লেখ্য, অন্যান্য বার বেশ কয়েক দফায় নির্বাচন হলেও এ বার উত্তরবঙ্গের সব আসন এবং বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে মোট ১৫২টি আসনে প্রথম দফায় এবং কলকাতা-সহ বাকি জেলাগুলির মোট ১৪২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন করা হয়। দু’টি দফাতেই এ বার কমবেশি আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।