• উত্তরবঙ্গে রেকর্ড রেজ়াল্ট বিজেপির, ৫৪টি কেন্দ্রের মধ্যে কতগুলি এ বার গেরুয়া?
    এই সময় | ০৫ মে ২০২৬
  • বাংলার ভোটে গেরুয়া ঝড়। আর এই ঝড়ে হাওয়া জোগাল উত্তরবঙ্গ। ২০১৯-এর লোকসভা, ২০২১ সালের বিধানসভায় বার বার বিজেপির উপর ভরসা করেছেন উত্তরবঙ্গের ভোটারেরা। এ বারের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে ২০০ পার করাতে বড় ভূমিকা নিল গোটা উত্তরবঙ্গ। পাহাড় থেকে ডুয়ার্স হয়ে কোচবিহার—কার্যত সুনামি বইয়ে দিয়েছে বিজেপি। ভালো ফল করেছে মালদা ও দুই দিনাজপুরেও। পাহাড়-ডুয়ার্স থেকে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। উত্তর দিনাজপুর এবং মালদা থেকে কিছু আসন পেয়েছে তৃণমূল, আর কোচবিহারে সিতাই ধরে রাখতে পেরেছে জোড়াফুল শিবির।

    পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৪টি আসন। ৮টি জেলায় ছড়িয়ে রয়েছে আসনগুলি। এর মধ্যে দার্জিলিং জেলায় রয়েছে ৫টি আসন। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও শিলিগুড়ি। পাঁচটি আসনেই জিতেছে বিজেপি। জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসন, সেখানেও সব আসনে জয়ী বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়িতে রেকর্ড ভোটে (৯৭৭১৫) জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। কালিম্পং জেলায় যে একটি আসন, সেটি গিয়েছে বিজেপির দখলে। কোচবিহারের ৯টি আসনের মধ্যে একমাত্র সিতাই ছাড়া বাকি সব বিজেপির দখলে। আলিপুরদুয়ারে ৫টি বিধানসভা আসনের মধ্যে সবক’টিতেই হয় জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে বিজেপি। এই জেলাতেও খালি হাতে ফিরেছে তৃণমূল।

    উত্তর দিনাজপুরে রয়েছে ৯টি আসন। এই জেলায় তুলনায় ভালো ফল করেছে তৃণমূল। ৯টির মধ্যে ৫টিতে (চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, ইটাহার) জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে বাকি চারটি (করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ) আসনে জিতেছে বিজেপি।

    দক্ষিণ দিনাজপুরে ৬টি বিধানসভা কেন্দ্র। এখানে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি বিজেপির দখলে গিয়েছে। অন্যদিকে কুমারগঞ্জ ও হরিরামপুরে তৃণমূল জিতেছে।

    মালদায় রয়েছে ১২টি বিধানসভা আসন। এখানে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে তৃণমূল। ১২টির মধ্যে ৬টি আসন জিতেছে বিজেপি (মালদা, মানিকচক, ইংরেজবাজার, বৈষ্ণবনগর, হবিবপুর ও গাজোল)। বাকি ৬টি আসনে (চাঁচল, মোথাবাড়ি, সুজাপুর, মালতিপুর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর) জয়ী হয়েছে তৃণমূল।

    ২০২১-এর বিধানসভা নিরিখে ৫৪টি আসনের মধ্যে বিজেপির দখলে এসেছিল ৩০টি আসন। তৃণমূলের হাতে গিয়েছিল ২৩টি আসন। ২০২৪ সালের লোকসভা ভোটে বিধানসভার নিরিখে ৩২টি আসনে এগিয়েছিল বিজেপি। তৃণমূল এগিয়ে ছিল ১৫টি আসনে। বাকি সাতটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস। আগের সব রেজ়াল্ট ছাপিয়ে এ বার উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪০টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে বিজেপি।

  • Link to this news (এই সময়)